বালোচিস্তান, ১৭ জুলাই : এবার পাক সেনার কনভয়ে ভয়াবহ হামলা চালালো বালোচ বিদ্রোহীরা। বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) তরফে দাবি করা হয়েছে, হামলায় ৪৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। যদিও পাক সেনার তরফে এই হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
বিএলএ মুখপাত্র জীয়ন্দ বালোচ বিবৃতি জারি করে জানিয়েছেন, এই হামলা চালিয়েছে তাদের সংগঠনের ‘ফতহ স্কোয়াড’। জানা গিয়েছে, কটি বাসে পাক সেনারা যাচ্ছিল। সেই বাসটিকেই নিশানা করেন বালোচ বিদ্রোহীরা। মুস্তং জেলার খডকোচা এলাকায় সেনাদের বাস পৌঁছোতেই তাতে বিস্ফোরণ ঘটানো হয়। বাসে থাকা বেশির ভাগ পাক সেনারই মৃত্যু হয়েছে বলে দাবি বিএলএর।
স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পরই ওই কনভয়ে অন্য গাড়িতে থাকা পাক সেনাদের সঙ্গে গুলির লড়াই চলে বালোচ বিদ্রোহীদের। সেই সংঘর্ষেও বেশ কয়েক জন পাক সেনা আহত হয়েছেন বলে দাবি বিএলএর। সংগঠনের তরফে দাবি করা হয়, খুব শীঘ্রই এই হামলা সম্পর্কে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করবে। পাকিস্তান সরকার অথবা পাক সেনার পক্ষ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।