সোয়াট, ৩ আগস্ট : রবিবার ভয়াবহ আত্মঘাতী বিষ্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলা। সোয়াটের কাবাল থানার কাছে বিস্ফোরণটি হয়। এখনও পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন আরও অন্তত ১৮ জন।
হামলার সঙ্গে কারা যুক্ত তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। তবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘ দিন ধরেই সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানি সেনার সঙ্গে প্রায়শই তাদের সংঘর্ষ লেগে থাকে। তবে এই হামলার সঙ্গে টিটিপির কোনও সংযোগ রয়েছে কিনা তাও জানা যায়নি। জানা যাচ্ছে, অজ্ঞাতপরিচয় ওই আত্মঘাতী হামলাকারী কাবাল থানার ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময়ে তাঁকে থামিয়ে তল্লাশির চেষ্টা করেন থানার বাইরে মোতায়েন পুলিশকর্মীরা। তখনই বিস্ফোরণটি হয়। সোয়াট জেলার পুলিশ আধিকারিক উমর খান জানাচ্ছেন, ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ১৮ জন।
ঘটনার পরে গোটা জেলাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। যে এলাকায় হামলা রয়েছে সেই এলাকা ঘিরে রয়েছে নিরাপত্তাবাহিনী। রবিবার ওই থানার কাছেই ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল। তার মাঝেই এই বিস্ফোরণ ঘিরে এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক ছড়ায়। এই হামলার আগে রবিবারই পেশোয়ার সংলগ্ন একটি টোল প্লাজার কাছে আইইডি বিষ্ফোরণ হয়।