ঢাকা, ১০ আগস্ট : গত জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেব নিযুক্ত হন দীনেশ ত্রিবেদী। তারপর এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন দীনেশ। সোমবার দুপুর পৌনে ১২টা নাগাদ (ভারতীয় সময় অনুসারে) বাংলাদেশের সচিবালয়ে দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। তারেকের কার্যালয় এবং বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফে এই সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে।
তবে এই বিশেষ বৈঠকে তারেক আর দীনেশের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে দুই দেশের তরফেই কিছু বলা হয়নি। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে যে চাপানউতোর তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। রবিবার বাংলাদেশ সরকারের এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সে দেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ জানিয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ১২-১৩ সেপ্টেম্বর হতে চলা দিল্লির ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তারেকের ভারতে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। তবে এবার এই সৌজন্য বৈঠকের পরে শেষ মুহূর্তে সমাধানসূত্র মিললেও মিলতে পারে বলে আশাবাদী দুই দেশের কূটনৈতিক মহল।
ভারতীয় দূতাবাসের তরফে সমাজমাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর তরফে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার এবং সে দেশের জনগণের সঙ্গে যৌথ ভাবে ইতিবাচক, গঠনমূলক কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।’ দ্বিপাক্ষিক নানা বিষয়ে তারেক এবং দীনেশের মধ্যে কথা হয়েছে বলেও জানানো হয়েছে।