সুখেন্দুশেখর, সুস্মিতার পরে প্রকাশচিক, রাজ্যসভায় ফের ভাঙণ তৃণমূলে

কলকাতা, ১১ জুন- রাজ্যসভায় আবার ধাক্কা তৃণমূলের। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবার ইস্তফা দেওয়ার পাশাপাশি প্রকাশ জানিয়েছেন, এবার তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করতে চান। উত্তরবঙ্গের চা বলয়ের এই পরিচিত নেতার এমন মন্তব্যে তার দলবদলের জল্পনাও তৈরি হয়েছে।

            সোমবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। তৃণমূল সেই ধাক্কা সামলে ওঠার আগেই বুধবার ইস্তফা দেন আরেক সাংসদ সুস্মিতা দেব। আর বৃহস্পতিবার প্রকাশচিক বরাইক। তৃণমূলের তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে প্রকাশ চিক বরাইককে গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই দেখা হতো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত ছিলেন তিনি। ২০২৩ সালে তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। পরে ২০২৪ সালে লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে প্রার্থীও করা হয়েছিল তাঁকে। যদিও পরাস্ত হন সেই বার। সূত্রের খবর, এ বারের বিধানসভা নির্বাচনেও প্রকাশচিককে প্রার্থী করার কথা ভাবা হচ্ছিল তৃণমূলের অন্দরে। শেষপর্যন্ত তা আর হয়নি।

            ইস্তফা দেওয়ার পরে প্রকাশচিক বলেন, ‘’বাংলার বিধানসভা নির্বাচনে জনতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। জনতা জনার্দনের ওপর কেউ নেই। যা ফলাফল হয়েছে সেটাই মেনে নিতে হবে। ভোটের ফল দেখেই এই পদত্যাগের সিদ্ধান্ত।’ তারপরেই তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘শুভেন্দু অধিকারী আমাদের দাদা। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে কাজ করব।’ তবে কী এবার বিজেপির পথে এই তফশিলি নেতা। এই প্রশ্নের উত্তরে কোনও জবাব দেননি তিনি। তার মন্তব্য, ‘আমার বয়স কম। রাজনীতিতে আগামী দিনে কী হবে, সেটা এখনই বলতে পারব না। সময় বলবে। ভবিষ্যতে কী হবে জানি না।’

Sumit Chakraborty: