বুকের পাটা থাকলে ছাত্র-যুবদের মুখোমুখি লড়ে দেখান, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কলকাতা, ২৮ আগস্ট- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের মঞ্চ থেকেই বিজেপি ও পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতি ও সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়ো প্রচারকে নিশানা করে এ দিন তিনি বলেন, ‘আপনারা অনেকেই অনেক খবর দেখছেন। কিন্তু যত দিন না আমার মৃতদেহ দেখছেন এবং তার ওপর জোড়া ফুলের পতাকা দেখছেন, কোনও কথা বিশ্বাস করবেন না। জব তক মে মরা নেহি, তব তক মে হারা নেহি।’ দল ছেড়ে যারা চলে গিয়েছেন তাদের দলে না ফেরানোরও বার্তা দিয়েছেন অভিষেক। অভিষেক স্পষ্ট করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু যারা তৃণমূলের খেয়ে-পড়ে শেষ মুহূর্তে নিজেদের পিঠ বাঁচাতে ‘বিসি’ (বালিশ-চাটা) গ্রুপে নাম লিখিয়ে বিজেপির হাতে তামাক খেয়েছেন, তাদের আগামী দিনে কোনও ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি তার আমেরিকা পালিয়ে যাওয়ার খবর পরিবেশন করা সংবাদমাধ্যমের মালিকের ২২ হাজার কোটি টাকার ঋণ কেন্দ্র-র মাধ্যমে মকুব করার প্রসঙ্গ টেনে অভিষেক কটাক্ষ করেন, ‘আমায় গালাগালি করার জন্য ২২ হাজার কোটি টাকা মকুব! ভাই, আমার এত দাম জানা ছিল না!’ বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ের বিলবোর্ড পুলিশ ও পুরসভা দিয়ে বেআইনি ভাবে খুলে ফেলার ঘটনা নিয়েও আক্রমণ করেন অভিষেক। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন।’ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও শুভেন্দু অধিকারীদের উদ্দেশে তার চ্যালঞ্জ, ‘বুকের পাটা থাকলে আগে ছাত্র-যুবদের মুখোমুখি দাঁড়িয়ে লড়ে দেখান।’

Sumit Chakraborty: