নতুন সংকট

আনন্দিতা সরকার
বহুদিন ধরেই নানা কারণে আলোচনায় রয়েছে করণ জোহরের প্রযোজিত ‘দোস্তানা ২’। ছবিটি ঘিরে একের পর এক পরিবর্তন এবং জটিলতা যেন কাটছেই না। অভিনেতা বদল থেকে শুরু করে নির্মাণ-পর্বের নানা টানাপোড়েনের পর এবার ছবি থেকে সরে দাঁড়ালেন পরিচালক অদ্বৈত চন্দন। ফলে ছবিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বলিউডে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, সৃজনশীল মতপার্থক্যের জেরেই ‘দোস্তানা ২’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অদ্বৈত। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস বা পরিচালকের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগে ছবিটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। প্রথমে তাকেই ছবির অন্যতম মুখ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি প্রজেক্ট থেকে বাদ পড়েন বা সরে যান— সেই ঘটনাকে ঘিরে করণ জোহর ও কার্তিকের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন বলিউডের অন্দরমহলের আলোচনার বিষয় ছিল। যদিও সময়ের সঙ্গে সেই দূরত্ব মিটেছে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে করণের প্রযোজনায় একাধিক ছবিতে কাজ করছেন কার্তিক। নতুন পরিকল্পনা অনুযায়ী, ‘দোস্তানা ২’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা বিক্রান্ত ম্যাসি এবং লক্ষ্য লালওয়ানিকে। তবে বারবার অভিনেতা ও কলাকুশলীদের পরিবর্তনের কারণে ছবিটির নির্মাণ আদৌ শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এদিকে বিক্রান্ত ম্যাসি বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘হোয়াইট’-এর শুটিং নিয়ে। অন্যদিকে লক্ষ্য লালওয়ানি অভিনীত ‘চাঁদ মেরা দিল’ সম্প্রতি বক্স অফিসে সন্তোষজনক সাফল্য পেয়েছে। নতুন কাজের প্রস্তুতিও শুরু করেছেন তিনি। সব মিলিয়ে, দীর্ঘদিন ধরে স্থগিত ও পরিবর্তনের মধ্যে থাকা ‘দোস্তানা ২’ এখন আবারও অনিশ্চয়তার মুখে। নতুন পরিচালক খুঁজে ছবিটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য থমকে যাবে— সেদিকেই নজর বলিউড মহলের।

Sumit Chakraborty: