সুখী দাম্পত্য

আনন্দিতা সরকার
দীর্ঘ ২৭ বছর ধরে একসঙ্গে পথ চলছেন অভিনেতা আর মাধবন ও তার স্ত্রী সরিতা। সময়ের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা আরও বেড়েছে বলেই মনে করেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন, দাম্পত্যে বিশ্বাস এবং আনুগত্যের গুরুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। মাধবন জানান, আনুগত্য তার কাছে শুধুই ব্যক্তিগত গুণ নয়, বরং পারিবারিক মূল্যবোধের অংশ। অভিনেতার কথায়, তার মনে হয় আনুগত্য অনেকটাই বংশগত। ছোটবেলা থেকেই তিনি শিখেছেন কীভাবে অনুগত থাকতে হয়। স্ত্রীর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা বজায় রাখা তার কর্তব্য। দাম্পত্য সম্পর্কে স্বচ্ছতার প্রসঙ্গেও খোলামেলা ছিলেন অভিনেতা। তার দাবি, স্ত্রী সরিতাই তার আর্থিক বিষয়গুলি দেখভাল করেন। এমনকী তার ফোন ও বিভিন্ন অ্যাকাউন্টেও সরিতার পূর্ণ অ্যাক্সেস রয়েছে। এই সাক্ষাৎকারে মাধবন উল্লেখ করেছেন, পরিচালক মণিরত্নমের একটি গুরুত্বপূর্ণ পরামর্শের কথাও। মাধবনকে তার মণি স্যার একসময় বলেছিলেন, যখন কোনও সম্পর্ক ভালো চলছে, তখন সঙ্গী তোমাকে কতটা ভালোবাসে তা পরীক্ষা করতে যেও না। অনেক সময় এই পরীক্ষাই সম্পর্কের ক্ষতি করে।
অভিনয় জীবনের শুরুর দিনগুলির কথাও তুলে ধরেন মাধবন। ২০০০ সালে মণিরত্নম পরিচালিত ‘আলাইপায়ুথে’ ছবির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। সেই সময়ই তিনি কর্মজীবনের সাফল্যের শিখরে উঠছিলেন। বিয়ের পর তাকে সম্পর্কের কথা প্রকাশ্যে না আনার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সে পথে হাঁটেননি অভিনেতা। উল্লেখ্য, মাধবন এবং সরিতার একমাত্র ছেলে বেদান্ত মাধবন সাঁতার জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন। সম্ভবত, শেষবার মাধবনকে দেখা গিয়েছিল ‘ধুরন্ধর ২’ ছবিতে। এবার তাকে অভিনয় করতে দেখা যাবে ‘আলফা’ ছবিতে। এই ছবিতে তার বিপরীতে থাকবেন আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ এবং ববি দেওল সহ প্রমুখরা।

Sumit Chakraborty: