একই অঙ্গে নানান চিত্রকলা, চেরিয়াল হোক বা পটচিত্রের মেলা

এই উপমহাদেশের বুকে অন্তত আড়াই হাজার থেকে তিন হাজার বছর ধরে নানান স্তরের জনজীবনের আনন্দের উৎস, শিক্ষার উপকরণ ও বিনোদনের অংশ হিসাবে ব্যবহার হয়ে আসছে পট। আর ভারতবর্ষ শুধু প্রাচীন নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিও বটে। আর সেখানকার শিল্প যে নজর কাড়বে সেটাই স্বাভাবিক। সেই নজরকাড়া শিল্পের বিশ্লেষণে ড. রূপক কর্মকার।

পৌরাণিক নানান কাহিনির প্রলেপ এখন দেওয়ালে অঙ্কন করার রীতি বেশ নজরে পড়ছে নানান অঞ্চল জুড়ে। এমনকি শুধু পৌরাণিক কাহিনি নয়, নানান চিত্রকলাও বেশ আকর্ষণীয় হয়ে উঠছে বস্ত্রসামগ্রীতে। বিশেষ করে ধর্মীয় স্থানগুলির অলিতে-গলিতে এবং দেওয়ালে বেশ নজর কাড়ছে এই অঙ্কনশিল্প। তবে এই শিল্পের সমাদর কিন্তু আজকের নয়, প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সকলে বলে প্রাচীনকালে যখন কোনও রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না, তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের ধারক ও বাহক ছিল।
বৈদ্যুতিক মাধ্যমের সূত্রপাতের ফলে বাংলার প্রাচীন প্রথাগুলি অবলুপ্ত হয়ে পড়লেও, পটচিত্রের ক্ষেত্রে এই তথ্য সত্য নয়, কারণ পটচিত্র এক সমৃদ্ধ ইতিহাস বহন করে আসছে আদিযুগ থেকে। পৌরাণিক বিভিন্ন গল্প ও গাঁথা যেমন, রাবণ বধ, সীতা হরণ, কৃষ্ণলীলা, দুর্গালীলা, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, আনন্দমঙ্গল ইত্যাদি পটের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষ করে গ্রামীণ বাংলার অলিতে-গলিতে উঁকি মারলে পটের পেশাদারিত্ব আরও বেশি করে নজরে আসবে। যদি একটু পিছনে ফিরে যাই তবে সিনেমার দৃশ্যরূপ এতটা আধুনিক ছিল না অর্থাৎ যন্ত্রনির্ভর তো একদমই নয়। তাহলে মানুষের বিনোদনের মাধ্যম কী ছিল!
মাধ্যম ছিল স্ক্রোল পেইন্টিং, যা পটেরই আর এক রূপ। একটি ৩০ থেকে ৪৫ ফুট লম্বা স্ক্রোলে সিনেমার রূপ ফুটিয়ে তোলা হতো। কথক থেকে গায়ক, গায়ক থেকে সংগীতশিল্পীরা গ্রাম থেকে গ্রাম ঘুরে ঘুরে গান ও নাচের মাধ্যমে স্ক্রোলের এক একটি প্যানেল উন্মোচন করে পৌরাণিক ও সামাজিক গল্প ফুটিয়ে তুলতেন। তবে তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের স্ক্রোল পেইন্টিং বা ওড়িশা ও পশ্চিমবঙ্গের পটচিত্র এবং রাজস্থানের ফাঁদ পেইন্টিংয়ের এক অভূতপূর্ব মিল রয়েছে। পট একটি শিল্পরীতির নাম হলেও, পট শব্দের প্রকৃত অর্থ হল ‘কাপড়’। পট শব্দটি সংস্কৃত ‘পট্ট’ থেকে এসেছে বলে ধরে নেওয়া হয়। পট অর্থাৎ কাপড়ের ওপর নানান রং লাগিয়ে নানান চিত্রকথা ফুটিয়ে তোলাই পটচিত্রের মূল কথা। পূর্ববর্তী সময়ে নানান প্রাকৃতিক রং ব্যবহার করার ফলে এর জৌলুস বেশ আলাদাই ছিল।
এই উপমহাদেশের বুকে অন্তত আড়াই হাজার থেকে তিন হাজার বছর ধরে নানান স্তরের জনজীবনের আনন্দের উৎস, শিক্ষার উপকরণ ও বিনোদনের অংশ হিসাবে ব্যবহার হয়ে আসছে পট। আর ভারতবর্ষ শুধু প্রাচীন নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিও বটে। আর সেখানকার শিল্প যে নজর কাড়বে সেটাই স্বাভাবিক। এই পট সাধারণত দু’রকম। জড়ানো পট যা সাধারণত ১৫ থেকে ৩০ ফুট লম্বা ও দুই থেকে তিন ফুট চওড়া, আর হল চৌকো পট যা সাধারণত একটু ছোট হয়। তবে এই চিত্রকলা ভারতবর্ষের নানান রাজ্যের সংস্কৃতিকে বেশ এক ছাতার তলায় নিয়ে এসেছে। পটচিত্র ও চেরিয়াল স্ক্রোল চিত্রকলা নামভেদে আলাদা হলেও, এর গঠনগত শৈলী কিন্তু প্রায় একই।
গোলকোণ্ডা সালতানাত জুড়ে স্থানীয় মন্দির, শিল্পঐতিহ্য, কলমকারি ঐতিহ্য এবং সাধারণত দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতের গ্রাফিক্স শিল্পঐতিহ্য ছিল স্ক্রোল চিত্রকলার শিল্পকে রূপদান ও পরিচালিত করার প্রধান প্রভাবক। উইকিপিডিয়ার তথ্য অনুসারে চেরিয়াল শিল্পরূপটি ‘কাকিপাদগোল্লু’ নামে পরিচিত গল্পকথক ও গাঁথাগায়ক সম্প্রদায়ের পেশার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তারা গ্রামে গ্রামে ঘুরে নানান গাথা বর্ণনা করতেন এবং এক অন্ধকারাচ্ছন্ন অলস সন্ধ্যাকেও প্রাণবন্ত করে তুলতে পারতেন। শুধু গল্প বলা বললে ভুল হবে, গল্পের সঙ্গে বাদ্যযন্ত্রেরও যথেষ্ট সঙ্গ থাকত। স্ক্রোলগুলি অনেকটা ফিল্ম রোলের মতো চলতে থাকত। এই অসাধারণ বৈশিষ্ট্যের কারণে চেরিয়াল চিত্রকলা কিন্তু জি.আই. স্বীকৃতিপ্রাপ্ত। এই একই ধারায় রয়েছে রাজস্থানের ‘ফাড় চিত্রকলা’ বা ‘ফাদ পেইন্টিং’। এই ফাড় শিল্পের ইতিহাসও বেশ প্রাচীন।
এই ফাড় চিত্রকলাগুলিকে অনেকে ভ্রাম্যমাণ মন্দিরও বলে। রাজস্থানের ‘রাবরি’ ও ‘গুর্জর’ সম্প্রদায়ের পুরোহিত ও চারণ কবি, যাঁদের ‘ভোপা’ এবং ‘ভোপি’ বলা হয়, তাঁরা সূর্যাস্তের পর গ্রামের কোনও ফাঁকা জায়গায় দীর্ঘ এই ফাঁদগুলো টাঙিয়ে প্রদীপের আলোয় ভোপা ‘রাবণহথ’ নামক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে সারারাত ধরে লোকদেবতার বীরত্ব ও অলৌকিক কাহিনির গান গাইতেন। লোকদেবতা পাবুজির বীরত্বগাথা এবং ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পূজিত গুর্জর যোদ্ধা দেভনারায়ণের গল্প এই ফাঁদের প্রধান আকর্ষণ ছিল। রাজস্থানের শাহপুরার জোশি পরিবারের হাত ধরে শাহপুরা ফাড় চিত্রকলা ধারার সূচনা হয়েছিল। জোশি পরিবারের বংশধরেরাই এখনও এই ৭০০ বছরের পুরনো শিল্পঐতিহ্যের রক্ষক। পটচিত্র হোক বা চেরিয়াল বা ফাদ চিত্রকলা, গল্পগুলো হয়তো আলাদা কিন্তু তাদের দেখানোর ধরনগুলো কিন্তু বেশ চমকপ্রদ।
আসলে ইতিহাস যদি গল্পের আকারে, গানের আকারে, চিত্রনাট্যের আকারে মানুষের সামনে উপস্থাপিত হয় তাহলে তার প্রভাব বেশ দীর্ঘদিন ধরেই থাকে। এই শিল্পগুলো যতই স্থানীয়ভাবে বিখ্যাত হোক, কিন্তু শিল্পীদের যে কখনও কোনও সীমানায় আবদ্ধ করে রাখা যায় না। শিল্পীদের শিল্পগুলো যে শুধু এখন স্থানীয়তায় সীমাবদ্ধ নেই তা কিন্তু আরও একবার প্রমাণ করে মিউজিয়াম বা চিত্রকলা প্রদর্শনীতে। ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গ শিল্পের জন্য যে আলাদা আসন অলংকৃত করে আছে তা কারও অজানা নয়। নানান শিল্পরীতির মধ্যে ইতিহাসরচিত পটচিত্র অন্যতম।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়াগ্রাম একমাত্র পটচিত্র গ্রাম, যে গ্রামের প্রতিটা ঘরে ঘরে পটুয়া শিল্পীরা বাস করেন। এই পটচিত্রের ওপর ভিত্তি করে এই গ্রাম শুধু মাথা তুলে দাঁড়িয়ে আছে তা নয়, দূরদূরান্তের ও দেশ-বিদেশ থেকে বহু মানুষ এই শিল্পকে চাক্ষুষ করতে এখানে ভিড় করেন প্রতিনিয়ত।

Sumit Chakraborty: