কুনোয় খুশির হাওয়া, জন্ম নিল সাত চিতাশাবক

নিজস্ব সংবাদদাতা- কুনো জাতীয় উদ্যানে ফের খুশির খবর। বতসোয়ানা থেকে নিয়ে আসা একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে। নতুন এই চার অতিথির আগমনে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২-তে। শুক্রবার এই সুখবরটি জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, মা চিতাটির নাম কেওএমজি-৩। বয়স আড়াই বছর। বতসোয়ানা থেকে আনা চিতাদের মধ্যে এই প্রথম কোনও চিতা ভারতের মাটিতে শাবকের জন্ম দিল। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ঘেরাটোপের বাইরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে টানা চার মাসেরও বেশি সময় কাটানোর পর জঙ্গলের মধ্যেই শাবকদের জন্ম দিয়েছে সে। ২০২২ সালে দেশে প্রজেক্ট চিতা শুরু হওয়ার পর থেকে খোলা জঙ্গলে চিতার প্রসবের এটি দ্বিতীয় ঘটনা।
এর আগে চলতি বছরেরই ১১ এপ্রিল কুনোর উন্মুক্ত বনাঞ্চলে প্রথম শাবক জন্মের ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা গামিনীর ভারতে জন্মানো শাবক কেজিপি-১২ সেদিন চারটি ছানার জন্ম দেয়। ভারতের মাটিতে জন্মানো দ্বিতীয় প্রজন্মের কোনও চিতার খোলা জঙ্গলে বংশবিস্তার করার সেটাই ছিল প্রথম নজির। এবার কেওএমজি-৩-এর চার শাবক মিলিয়ে দেশে মোট ৬২টি চিতার মধ্যে ৪৩টিরই জন্ম হল ভারতে।
পরিবেশবিদদের মতে, এ দেশের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে চিতারা যে পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং বংশবিস্তারে সক্ষম হয়েছে, এই পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ।
আপাতত মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানই এই চিতাদের প্রধান ঠিকানা। তবে ভবিষ্যতে দেশের অন্যান্য উপযুক্ত বনাঞ্চলেও এদের ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। নতুন চার শাবকের জন্ম ভারতের চিতা সংরক্ষণ প্রকল্পকে আরও এক ধাপ এগিয়ে দিল। উল্লেখ্য, ১৯৫২ সালে ভারত থেকে চিতা বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল।

Sumit Chakraborty: