প্রধানমন্ত্রীর নামে ভুয়ো ভিডিও! পুরনো কয়েনে লাখপতি হওয়ার দাবির সত্য জানাল PIB
অনলাইন ডেস্ক, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে একটি ভাইরাল ভিডিও, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার পুরনো কয়েন সংগ্রহের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে এবং যাঁদের কাছে নির্দিষ্ট পুরনো কয়েন রয়েছে, তাঁদের সেই কয়েনের বিনিময়ে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। ভিডিওটি দেখে অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নিয়ে পুরনো কয়েন সংগ্রহ শুরু করেছেন।
তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক ইউনিট। সরকারি সংস্থার স্পষ্ট বক্তব্য, প্রধানমন্ত্রী এমন কোনও ঘোষণা করেননি এবং ভাইরাল ভিডিওটি ডিজিটাল কারচুপির মাধ্যমে তৈরি করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, সরকারের একটি বিশেষ প্রদর্শনীতে সাধারণ মানুষ তাঁদের বাড়িতে থাকা পুরনো কয়েন নিয়ে গেলে সরকার সরাসরি সেই কয়েন কিনে নেবে। কয়েনের গুরুত্ব অনুযায়ী ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে বলেও ভিডিওতে প্রচার করা হয়েছে।
ভিডিওতে বিশেষভাবে ৫ ও ১০ টাকার সেই কয়েনগুলিকে দেখানো হয়েছে, যেগুলির এক পাশে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের স্মারক নকশা রয়েছে। এই কারণেই বহু মানুষ ওই ধরনের কয়েনের খোঁজ শুরু করেছেন। তবে এই কয়েনগুলি বাস্তব স্মারক কয়েন হলেও, সেগুলি কিনতে সরকার কোনও বিশেষ প্রকল্প বা লক্ষাধিক টাকার অফার ঘোষণা করেনি।
PIB ফ্যাক্ট চেক ইউনিট এক্স (X)-এ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিমভাবে সম্পাদিত। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করা হয়েছে। তাই এমন ভিডিও বা বার্তা দেখে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি অন্যদেরও শেয়ার না করার পরামর্শ দিয়েছে সরকার।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এআই (AI) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নামে ভুয়ো ভিডিও তৈরি করে প্রতারণার ঘটনা বেড়েছে। তাই কোনও সরকারি ঘোষণা বা আর্থিক প্রস্তাব দেখলে তা বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র বা PIB Fact Check-এর মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত।