বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাকই পেলেন না শোভনদেব-কুণালরা
কলকাতা, ১৬ জুন- মঙ্গলবার বিধানসভায় সর্বদলীয় বৈঠককে কেন্দ্র করেও তৈরি হল বিতর্ক। জানা গিয়েছে, বিধানসভায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকই পেলেন না তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ডাক পাননি বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও। বরং এদিন সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরকে। ছাব্বিশের নির্বাচনের ফল বেরনোর পরে তৃণমূল প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করলেও দলের অন্দরে প্রবল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। এবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে সরাসরি ঋতব্রত শিবিরকে জানানো হয়েছে।
সর্বদলীয় বৈঠকে এদিন ঋতব্রতদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর ও ডোমকলের একমাত্র বাম বিধায়ক মুস্তাফিজুর রহমানও। কুণাল ঘোষ বলেন, ‘যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। সবাইকে ডাকা উচিত ছিল।’ পাল্টা মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ‘বিধানসভার সচিব নিয়ম মেনেই যা করার করেছেন।’ আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সেখানে বিরোধী শিবিরের সমীকরণ কী হয় সেটাই এবার দেখার।