বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬

উন্নয়নের নিরিখেই এডিসিতে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

 উন্নয়নের নিরিখেই এডিসিতে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ২৫ মার্চ: রাজ্যের বিভিন্ন জেলায় বুধবার একযোগে মনোনয়ন জমা দেয় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। প্রতিটি কেন্দ্রেই মনোনয়ন দাখিলের সময় বিভিন্ন মন্ত্রী এবং প্রদেশ নেতৃত্বের উপস্থিতিতে মিছিল আয়োজন করা হয়। অনেক ক্ষেত্রে স্থানীয় বিধায়করাও উপস্থিত ছিলেন এই র‍্যালি।

ধলাই জেলার ছামানু, মনু ছৈলেংটা, দামছড়া-কচুছড়া কেন্দ্রে মনোনয়ন দাখিলের শেষ দিনে আয়োজিত মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিন কেন্দ্রেই একে একে মনোনয়ন জমা দিতে যান তিন কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, যথাক্রমে এসমেল জয় ত্রিপুরা, সুকেশ দত্ত বড়ুয়া এবং বিপিন দেববর্মা। ছৈলেংটা মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে তারা তাদের মনোনয়ন দাখিল করেন।

এদিকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে উন্নয়নের বহর রক্ষা করা যাচ্ছে গোটা উত্তর-পূর্বাঞ্চলে, তার প্রভাব এই রাজ্যেও রয়েছে। মূলত এই নিরিখেই মানুষ এখন আস্থা দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। মিছিল থেকে প্রার্থী বিপিন দেববর্মা বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় রাজ্যেও যেভাবে উন্নয়নের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে, তাতে মানুষ নিশ্চিতভাবেই আস্থা রাখছে ভারতীয় জনতা পার্টির প্রতি। তিনি বলেন, মানুষ এখন ভালোই বুঝতে পেরেছে যে উন্নয়ন মানেই ভারতীয় জনতা পার্টির সরকার। এদিকে মুখ্যমন্ত্রী বলেন তিনি আশাবাদী নিশ্চিতভাবেই এডিসি নির্বাচনেও জয়ী হবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *