শনিবার | ১৪ মার্চ ২০২৬

এএসজেসির ২০২৫ ত্রিপুরা ক্রীড়া সম্মান পাচ্ছেন ছয়জন!!

 এএসজেসির ২০২৫ ত্রিপুরা ক্রীড়া সম্মান পাচ্ছেন ছয়জন!!

দৈনিক সংবাদ অনলাইন, ১৪মার্চ: রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের সর্ববৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিচারে ২০২৫ নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান পাচ্ছেন রাজ্যের ছয়জন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং কৃতি ক্রীড়াবিদ।

আগামী ১৫ মার্চ সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবের সভাগৃহে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান তুলে দেওয়া হবে।

এই ২০২৫ নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মানের তালিকায় রয়েছেন ফুটবলে রাজ্যের অন্যতম সেরা ফুটবলার রঞ্জিত দাস। এছাড়া পাঁচজন পাচ্ছেন মরণোত্তর নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান। এরা হলেন ক্রিকেটে সাধন চক্রবর্তী, জিমনাস্টিক মধুসূদন সাহা, অ্যাথলেটিকসে দেবভক্তি জমাতিয়া, যোগাসনে হরিপদ চক্রবর্তী এবং সাঁতারে মধুসূদন দাশগুপ্ত।

এছাড়া রাজ্যের ভূমিপুত্র হিসাবে রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম শততম ম্যাচ খেলার জন্য মণিশংকর মুড়া সিং এবং বিসিসিআই-এর জাতীয় মহিলা ক্রিকেটে ত্রিপুরার হয়ে শততম ম্যাচ খেলার জন্য অন্নপূর্ণা দাস ও প্রিয়াঙ্কা আচার্যকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। পাশাপাশি এবছর সংবাদপত্র এবং বৈদ্যুতিক মাধ্যমে খেলাধুলার নিউজ কভার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুমন আচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পাচ্ছেন অনিমেষ শর্মা।এছাড়া রাজ্যে ক্রিকেটে উল্লেখযোগ্য অবদানের জন্য আগরতলার ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে দেয়া হচ্ছে বিশেষ সম্মাননা।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সহ রাজ্যের বিভিন্ন সরকারি এবং স্বশাসিত ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। প্রসঙ্গত, আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে গত বছর থেকে এই ত্রিপুরা ক্রীড়া সম্মান অনুষ্ঠান প্রদান শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে এই সমস্ত বিষয়ে আলোকপাত করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু বণিক, সহসভাপতি সুভাষ ঘোষ, সচিব সন্তোষ গোপ, যুগ্ম সম্পাদক মীনাক্ষী ঘোষ এবং উমা শংকর ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্পন্সর নীলজ্যোতি ট্রাভেলসের কর্ণধার সঞ্জীব আচার্যও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *