জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি পেশ; এসএসএ শিক্ষকদের বঞ্চনা ইস্যুতে সরগরম হবে বিধানসভা
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১২ মার্চঃ সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের বঞ্চনা নিয়ে এবার কি বিধানসভা সরগরম হয়ে উঠতে চলেছে? ইতোমধ্যেই সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধি তথা মন্ত্রী, বিধায়কদের কাছে তাদের নিয়মিতকরণের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন এবং শিক্ষকরা বিষয়টি নিয়ে এবারের বিধানসভায় সরব হতেও আবেদন জানিয়েছেন তাদের। এই প্রকল্পে নিয়োজিত শিক্ষকদের ভাগ্য এখন ঝুলছে সুপ্রিম কোর্টে। দু’দুবার ত্রিপুরা হাইকোর্ট সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের নিয়মিত করার জন্য রায় দিয়েছিলো। কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই রায় কার্যকর করেনি। বর্তমানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবি রাজ্য সরকার এই এসএলপি প্রত্যাহার করুক। শাসক দলের মন্ত্রী-বিধায়ক থেকে শুরু করে বিরোধী দলের বিধায়কদেরও সমগ্র শিক্ষার শিক্ষকরা যে স্মারকলিপি জমা করেছেন তাতে এসএলপি প্রত্যাহারের বিষয়টিও রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ বাম শাসন থেকেই সমগ্র শিক্ষায় (পূর্বতন সর্বশিক্ষা) শিক্ষকদের নিয়মিতকরণের দাবি। কিন্তু বামেরা এই দাবি কার্যকর করেনি। পরিবর্তে বাম শাসনে শিক্ষকদের জন্য কিছু সুযোগ সুবিধা চালু করে।
২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলো যে সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের সাথে ‘ন্যায়’ করবে বিজেপি। কিন্তু গত ৮ বছরে সেই ন্যায় পায়নি শিক্ষকরা। এরই মধ্যে বিজেপি শাসনেই ২ বার হাইকোর্ট শিক্ষকদের নিয়মিতকরণের পক্ষে রায়দান করেন। কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটেনি। ফলে সমগ্র শিক্ষায় নিয়োজিত প্রায় ৫ হাজার শিক্ষক আজও দরজায় দরজায় ঘুরছেন চাকরিতে নিয়মিতকরণের জন্য। তাই শিক্ষকরা চাইছেন তাদের ইস্যুটি নিয়ে এবার বিধানসভায় আলোচনা হোক। শুধু তাই নয়, সমগ্র শিক্ষার
শিক্ষকদের বেতন নিয়েও বর্তমানে চলছে টালবাহানা। ফান্ড নেই এই অজুহাত দিয়ে প্রায় মাসেই শিক্ষকদের বেতন নিয়ে টালবাহানা চলে, এতেও শিক্ষকরা বেজায় হতাশ। শিক্ষকদের বক্তব্য, আর কতদিন তাদের এই বঞ্চনা সহ্য করতে হবে। বহু রাজ্য সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের নিয়মিত করে নিয়েছে। এর মধ্যে বিজেপিশাসিত রাজ্যও রয়েছে। কিন্তু ত্রিপুরা চলছে এর উল্টো স্রোতে। উল্টো হাইকোর্ট ২ বার শিক্ষকদের নিয়মিতকরণের পক্ষে রায় দিলেও রাজ্য সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে।
তাই শিক্ষকরা চান দ্রুত এর একটা বিহিত হোক। একই সাথে তারা চান রাজ্য সরকার এসএলপি প্রত্যাহার করুক সুপ্রিম কোর্ট থেকে। শিক্ষকদের বক্তব্য এ রাজ্যের সন্তান, দীর্ঘদিন ধরে চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিতকরণে সরকারের কী আপত্তি থাকতে পারে? শিক্ষকরা চান, বিধানসভায় আগামীকাল, শুক্রবার থেকে যে অধিবেশন শুরু হতে যাচ্ছে সমগ্র শিক্ষা ইস্যুতে আলোচনা হোক। এর থেকে কোন ইতিবাচক কিছু বেরিয়ে আসে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষকরা।