দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১১ মার্চঃ পাহাড়ের এক ইঞ্চি জমিও জাতীয় রাজনৈতিক দলের জন্য ছাড়া হবে না। এডিসি ভোট ঘোষণার ঠিক আগ মুহূর্তে এমনই বার্তা দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন, এডিসিতে তিপ্রা মথার সরকারই প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ২০২৮ সালের ত্রিপুরা বিধানসভায় নয়া সরকার গঠনেও নির্ণায়ক ভূমিকা নেবে তিপ্রা মথা। জনজাতি মানুষ এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এডিসি ভোটেই উপযুক্ত জবাব পাবে জাতীয় রাজনৈতিক দল।
আজ গোমতী জেলার কিল্লায় নির্বাচনি সমাবেশ করেছে তিপ্রা মথা। এর আগে খোয়াই রামচন্দ্রঘাটের বেলফাং থেকে পদ্মবিল পর্যন্ত বাইক র্যালিও করেছে মথার ছাত্র-যুবরা। এদিন সমাবেশ ও বাইক র্যালির মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়েছে মথা।
নির্বাচনি সমাবেশে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, জনজাতি মানুষকে বোকা বানানো যাবে না। ভোটব্যাংক হিসেবেও আমাদের ব্যবহার করতে পারবেন না। নেতাবাবুরা সারা বছর আনন্দ-উল্লাসের পর নির্বাচনের আগে পাহাড়ে এসে জনজাতিদের জন্য মায়াকান্নার নিট ফল শূন্য হবে। টাকা দিলে আমরা নিয়ে নেব। ভোট দেব না। পাহাড়ের মানুষ সব ধরে ফেলেছেন। প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, এডিসি দখলের হুমকি দিতেই পারেন।
ত্রিপুরায় বসে লন্ডন দখলেরও স্বপ্ন দেখতেই পারেন। আপত্তি নেই। যদিও বাস্তব হল, জাতীয় রাজনৈতিক দলের আসন্ন এডিসি ভোটে ঢাকিসহ বিসর্জন হবে। তৈরি থাকুন। তিনি বলেন, গত ৫ বছরে এডিসির মানুষের আর্থসামাজিক উন্নয়নে কত টাকা দিয়েছেন? এই সত্যটাও বলতে পারেন না। জনসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করতেই পারেন। ভালো দিক হল, পাহাড়ের জনজাতি মানুষ সব ধরে ফেলেছেন। তিপ্রা মথা ভোটের এবং হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের মূল লক্ষ্য জনজাতিদের সব সমস্যার নিরসন যাতে হয়। প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্যের জন্যই আমাদের উন্নয়ন হচ্ছে না। অর্থের জন্য রাজনীতি করবেন না। ব্যবসা করতে হলে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। গরিব মানুষকে ঠকিয়ে রাজনীতি করবেন না।
প্রদ্যোত কিশোর দেববর্মণের অভিযোগ, জাতীয় রাজনৈতিক দলের একাংশ নেতার অপকর্মের জন্যই রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে। এই ব্যবসায়ী নেতাদের পাহাড়ে প্রবেশ বন্ধ করে দিতে হবে। এই কাজটাই আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে করে দেখাবেন জনজাতি জনসমাজ।
তিনি বলেন, পরাজয়ের ভয়ে পাহাড়ের ভিলেজ কমিটির নির্বাচন পর্যন্ত করছে না জাতীয় রাজনৈতিক দল। জনজাতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছে। এখন ভোটের জন্য সর্বোচ্চ আদালতে মামলা করতে হচ্ছে। উচ্চ আদালত ভিলেজ ভোটের পক্ষে রায় দিলেও তা মানল না জাতীয় রাজনৈতিক দল। এটাই জাতীয় রাজনৈতিক দলের জনজাতি দরদের বাস্তব হাল।