উদয়পুরে রাস্তা দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ
দৈনিক সংবাদ অনলাইন || উদয়পুরে রাস্তা দখলমুক্ত করতে প্রশাসন অভিযান শুরু করেছে। শহরের
জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উদয়পুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড ও জামতলা এলাকায় রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন বহু ব্যবসায়ী। বারবার সতর্ক করা সত্ত্বেও রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠায় অবশেষে বুধবার অভিযানে নামে জেলা প্রশাসন।

বুধবার গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের-এর নেতৃত্বে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল উদয়পুর শহরের জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত এলাকায় অভিযান চালায়। এদিন রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যবসায়ীদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান থেকে জিনিসপত্রও জব্দ করে প্রশাসন।
জেলা শাসক জানান, যারা রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের একাধিকবার সতর্ক করা হয়েছে। তবুও যদি কেউ নির্দেশ অমান্য করেন, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিনের অভিযানে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং উদয়পুর পৌর পরিষদের প্রতিনিধিরা।
প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে উদয়পুরের সাধারণ মানুষ। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে রাস্তা দখলের ফলে যান চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে শহরের যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে সাধারণ মানুষ।