রণতরী পাঠাচ্ছে ফ্রান্স, সমালোচনায় রাশিয়া-চিন; ৫ম দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ৪ মার্চঃ উপসাগরে যুদ্ধের পঞ্চম দিনে ইজরাইয়েল ইরানের নিরাপত্তাবাহিনী এবং নেতাদের আবাস লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের সেনাবাহিনী পুরো অঞ্চলজুড়ে হামলা অব্যাহত রেখেছে। হুমকি দিয়েছে উপসাগরে সেনা এবং অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। তাদের এই হুমকি এই দফার যুদ্ধে উদ্বেগের নতুন মাত্রা তৈরি করেছে। এদিকে আমেরিকা দাবি করেছে তাদের নৌবাহিনী টর্পেডো দিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। সরকারী তথ্যে আমেরিকা-ইজরায়েলের হামলায় ইরানে ১ হাজার ৪৫ জন নিহত। পঞ্চম দিনে তুরস্ক, ইরাকে নতুন করে ইরানি হামলার ঘটনার খবর মিলছে।

ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপ- পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। পিট হেগসেথ বলেন, ইরানের ওপর যৌথ হামলা কেবল শুরু হয়েছে, সামনে যুদ্ধবিধ্বস্ত তেহরানে পুলিশি সাহায্যের জন্য করুণ আর্জি ইরানের পতাকা হাতে সেদেশের এক নাগরিকের। তেহরানে। বুধবার। পিটিআই এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে। যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়া যাবে বলে আশা করছে মার্কিন ও ইজরায়েলি বাহিনী। এদিকে মঙ্গলবার নেতানিয়াহু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরান ফের পরমাণু বোমা তৈরির কাজকর্ম শুরু করেছিল ও এক মাসের কম সময়ের মধ্যে এটি তৈরি করতে চলেছিল। তাই এদের ওপর আক্রমণ করা হয়েছে। খুব আচমকা হামলা দরকার হয়ে পড়েছিল কারণ ইরান ভূগর্ভে নতুন শেড বানাচ্ছিল তার পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র লুকানোর উদ্দেশ্যে। এই সময়ে যদি ব্যবস্থা না নেওয়া যেতো তা হলে আর কখনোই নেওয়া যেতো না। অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যে একরকম তিরস্কার জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, সম্পর্ক আগের মতো নেই। ইজরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় ব্রিটেন অস্বীকৃতি জানানোয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করেছেছ ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘দুই দেশের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সম্পর্ক এখন আর আগের মতো নেই।’

এর আগে ইরানে ট্রাম্পের পদক্ষেপের কড়া সমালোচনা করে স্টারমার বলেছিলেন, আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ করায় ব্রিটেন বিশ্বাসী নয়। এছাড়া উপসাগরে ঘাঁটি ব্যবহার করার অনুমতি না দেওয়ার বিষয়েও নিজের অবস্থানের পক্ষে সাফাই গান তিনি। তবে স্টারমার বলেছিলেন, ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশ এবং সেখানে অবস্থানরত নিজেদের বাহিনীর সুরক্ষায় যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য।
দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্টারমারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্টারমার কোনো সাহায্যই করেননি। আমি কখনোই ভাবিনি, যুক্তরাজ্যের কাছ থেকে এমন কিছু দেখব। আসলে দুনিয়া বদলে গেছে। আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, এখন তা ভিন্ন। এটা দেখে খুব খারাপ লাগছে যে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই।
হামলা পাল্টা হামলার মধ্যেই নেতাদের হুমকি, পাল্টা হুমকি চলছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বুধবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে যিনিই সর্বোচ্চ নেতা হবেন, তাকেই মেরে ফেলা হবে। প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে খামেনেইর উত্তরসূরি হিসাবে যাকেই বেছে নেওয়া হবে সেই নেতাকেই তারা হত্যা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইজরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা-ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।

প্রসঙ্গত, ইরানের ওপর গত শনিবারের যৌথ হামলার পর থেকে এই অবধি উপর্যুপরি হামলায় সেই দেশটিতে হতাহতের সংখ্যা বিশাল আকার নিয়েছে। মঙ্গলবার রেড ক্রিসেন্ট সোসাইটি বিবৃতি দিয়ে বলেছে এই অবধি মৃত্যুর সংখ্যা ৭৮৭। অন্যদিকে, ইরানের সরকারী ভাষ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১,০৪৫ এ পৌঁছেছে। বিরতিহীন যুদ্ধে ইরান এদিন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বর্ষণ চালিয়ে যাচ্ছে। বুধবার ইরানের পাঠানো ৩টি ক্ষেপণাস্ত্র ও ১২১ টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের রিপোর্টে আরও জানানো হয়েছে ইরানের আটটি ড্রোন বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ড্রোন ও দুটি করুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কাতারের প্রতিরক্ষাব্যবস্থা। উল্লেখ্য, শনিবার থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলাকারী দেশ দুটির বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দপ্তরে সোমবার ড্রোন হামলা হয়। এটি ইরানি ড্রোন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে সিআইএ-র স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্য ছিল বলে স্বীকার করছে না সৌদি প্রশাসন।
বুধবার তুরস্কের দাবি তাদের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। যত দিন যাচ্ছে ইরান তার আক্রমণের এলাকার বাড়িয়ে চলেছে। এই প্রথম তুরস্কের আকাশসীমায় ইরানের কোনো ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। প্রসঙ্গত, তুরস্ক ন্যাটোরে সদস্য। তুরস্কে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। এদিকে উত্তর ইরাকের আধা স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলের দেকালা শহরে কুর্দি গোষ্ঠীর সদর দপ্তরের অস্ত্রাগারে ড্রোন হামলা হয়েছে। এতে দুই যোদ্ধা আহত বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। আল-জাজিরা এ কথা জানিয়েছে। ইরান সরকারের বিরুদ্ধে বিভিন্ন হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার জন্য ইরাকের ওই অঞ্চলের প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ করে আসছে তেহরান। আইআরজিসি এর আগেও এই গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের পশ্চিমাঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হবে কিনা এবং চালানো হলে তা কীভাবে হবে সে বিষয়ে আমেরিকার সঙ্গে ইরানি কুর্দি মিলিশিয়ারা আলোচনা চালিয়েছে।
বুধবার ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন এফ-১৫ বিমানটিকে ভূপাতিত করে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বুধবার বিবৃতি দিয়ে দাবি জানিয়েছে, সমুদ্রপথে হরমুজ প্রণালির ওপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় আছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওই সমুদ্রপথে ট্যাঙ্কারগুলোর পাহারায় তিনি মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। এরপরই আইআরজিসি হরমুজ প্রণালিতে নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এর কথা জানাল। যুদ্ধ ও পরবর্তী নেতা চয়নে ব্যস্ত ইরান তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর স্মরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।
উপসাগরের যুদ্ধে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া ও অবস্থান ক্রমশ স্পষ্ট হচ্ছে। ফ্রান্সে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁ উপসাগরে রণতরী পাঠানোর নির্দেশ দেন। ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স একটি জোট গড়ার চেষ্টায় রয়েছে। এ জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে। হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে, ইরানে যৌথ হামলার ফের সমালোচনা করেছেন রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীরা। চিনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইজরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই।