ঢাকার সাথে ইতিবাচক সম্পর্ক চায় নয়াদিল্লী
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী: বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ মনোভাব নিয়ে কাজ করার ইচ্ছার কথা বলেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্টমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ‘আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি। আমি জানিয়েছি, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠমনূলক ও ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা এক সঙ্গে কাজ করতে চাই। নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা এবং শপথ অনুষ্ঠানের স্পিকার ওম বিড়লার অংশগ্রহণ ও চিঠি হস্তান্তরের কথা মনে করিয়ে দিয়ে হাই কমিশনার বলেন, ‘তারই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাৎ’।
প্রণয় ভার্মা বলেন, ‘এই সমস্ত যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার এবং আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেবার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।’ প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম বৈঠক। তাই এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময় ছিল।
প্রণয় ভার্মা বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। ১৩ ফেব্রুয়ারী নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। এক দিন পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানান প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমি জানিয়েছি যে পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগামী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’