শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬

খোয়াই সীমান্তের চামু বস্তিতে শূন্যে গুলি, বাড়িতে ঢুকে অতর্কিত হামলাঃ আ*হ*ত দুই

 খোয়াই সীমান্তের চামু বস্তিতে শূন্যে গুলি, বাড়িতে ঢুকে অতর্কিত হামলাঃ আ*হ*ত দুই

দৈনিক সংবাদ, অনলাইন।৷ খোয়াই মহকুমার আশারাম বাড়ী বিধানসভার সীমান্ত গ্রাম চামু বস্তির এক বাড়িতে ঢুকে স্থানীয় ৭০ নং ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানরা অতর্কিত হামলা মারধর করার ফলে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ষাট বছর বয়স্কা নমিতা দেব নামে এক মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে চাম্পাহাওর থানা এলাকার চামু বস্তি সীমান্ত গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি বাইকে করে চামু বস্তির বাসিন্দা সুশঙ্কর দেবের বাড়িতে যায় স্থানীয় বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনিল কুমার। তিনি বাড়িতে গিয়ে সুশঙ্করের খোঁজ করেন। পরে তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যেতে চেষ্টা করেন এই কোম্পানি কমান্ডার। পরে ঘটনাটি নিয়ে এলাকার মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করলে বিএসএফ ঘটনাস্থল ছেড়ে চলে যায়। অভিযোগ, এদিন রাতে পুন:রায় কোম্পানি কমান্ডার ৮-১০ জন বিএসএফ জওয়ান নিয়ে হানা দেয় সুশংকরের বাড়িতে। তার পরিবারের পরিজনদের অভিযোগ বিএসএফ জওয়ানরা তাদের বাড়ির গেটের সামনে এক রাউন্ড গুলি ছোড়ে উপরের দিকে। গুলি ছোড়ার শব্দ পেয়ে তার বৃদ্ধা মা নমিতা দেব ঘর থেকে বেরিয়ে আসলে বিএসএফ জওয়ানরা এই মহিলাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা ঘরে ঢুকে গর্ভবতী মহিলা সহ বেশ কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় নমিতা দেবকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঠিক কি কারনে বিএসএফ জওয়ানরা এই পরিবারের উপর আক্রমণ সংঘটিত করেছে, সে বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোন মতামত পাওয়া যায়নি। এই ঘটনার পর সীমান্ত গ্রাম চামু বস্তিতে ছুটে আসেন ৭০ নং ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডেন্ট সহ অন্যান্য আধিকারিকরা। আর এই ঘটনা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গ্রামের মানুষদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *