বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬

১৮০ দিনের কর্মপরিকল্পনা ব্যস্ততম দিন কাটালেন তারেক

 ১৮০ দিনের কর্মপরিকল্পনা ব্যস্ততম দিন কাটালেন তারেক

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী: প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমানের দ্বিতীয় দিনটি চরম ব্যস্ততায় কাটল। সকালে প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এরপর শেরে বাংলা নগরে মা-বাবার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবস শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর সারাদিনই ব্যস্ত সময় পার করেছেন তিনি। সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক করেছেন। সেখানে মন্ত্রী-প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। বলেছেন, যেকোনো প্রভাব-প্রতিপত্তি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘শক্ত অবস্থানের’ ওপর জোর দিয়ে রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতেও ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে যেন কোনো সমস্যা না হয় এই বিষয়গুলোকে প্রাথমিক অগ্রাধিকারে রেখেছেন তিনি। রাতে জাতির উদ্দেশ্যে প্রথম আনুষ্ঠানিক ভাষণে আগামীদিনের পরিকল্পনার কথা তুলে ধরেছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে সাভারে যান। ওই গাড়িতেই তিনি শেরে বাংলা নগর হয়ে সচিবালয়ে আসেন। এ তথ্য জানিয়ে বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী সন্ধ্যায় বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারী গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ কারণেই তিনি বুধবার তার নিজের গাড়ি ব্যবহার করেছেন।’ যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ি বহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে বলেও জানান সালেহ শিবলী। তিনি বলেন, ‘এতদিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকতো। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।’ শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তারেক রহমানের গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান তার প্রেস সচিব। মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক সচিবালয়েই হবে- প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তার প্রেস সচিব বলেন, এ ক্ষেত্রে যানজটের বিষয়টি বিবেচনা করেছেন তারেক রহমান। সালেহ শিবলী বলেন, ‘কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে।’ রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম, সেটি বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তার প্রেস সচিব। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী যেসব নির্দেশ দিয়েছেন, তার কয়েকটি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মন্ত্রিসভার বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন, সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে সুশাসন ও জবাবদিহিতা চায়। সেক্ষেত্রে আমরা স্ব-স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি, তারা যেন যেকোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি। বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে।’ নুরুল হক বলেন, ‘আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, প্লাস হচ্ছে সেহরি-ইফতার-তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যে বিষয়গুলো বলেছেন-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কীভাবে তাৎক্ষণিকভাবে এলে কিছু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়েও তিনি (প্রধানমন্ত্রী) আমাদের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে যেন কোনো সমস্যা না হয় এই বিষয়গুলোকে প্রাথমিক অগ্রাধিকার দিয়েই নতুন সরকার কাজ শুরু করেছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রথম কেবিনেট বৈঠকে ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী সরকারের সচিব এবং সব কর্মকর্তাকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *