রামপ্রসাদ সহ ৭ জনের নামে এফআইআর
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: চাপে পড়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের নামে মামলা নিল এডি নগর থানার পুলিশ। তার সঙ্গে মেয়র ইন কাউন্সিল সহ আরও ছয়জনের নামে মামলা নেওয়া হয়েছে। আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি নিয়েছে এডি নগর থানা। সোমবার রাতে এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার নম্বর ১০/২০২৬। ভারতীয় ন্যায় সংহিতার ১৯০, ৩৫৬(২), ৩৫২, ৩৫১(২) ধারায় মামলাটি নেওয়া হয়েছে। এই মামলায় অভিযুক্তদের নোটিশ দিতে পারে এডি নগর থানার পুলিশ। বিধায়ক রামপ্রসাদ পাল ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল উদয়ভাস্কর চক্রবর্তী, সূর্যমণিনগর মণ্ডল সভাপতি মান্ত দেবনাথ, আনন্দনগরের বিজেপি নেতা মলয় লোধ, সিতেশ ভট্টাচার্য, গৌরাঙ্গ রক্ষিত, মণীশ সহ অন্যদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারী আগরতলায় পত্রিকা সম্পাদক শানিত দেবরায়ের বাড়ির কাছে তার ছবি বিকৃত করা হয়েছিল। সম্পাদকের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বিধায়ক শ্রীপাল।