রবিবার | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পত্রিকা সম্পাদকের বাড়ির সামনে হুজ্জতি, তীব্র নিন্দা

 পত্রিকা সম্পাদকের বাড়ির সামনে হুজ্জতি, তীব্র নিন্দা

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: রাজ্যের সাংবাদিক ও বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের নানাভাবে এবং নতুন নতুন কায়দায় আক্রমণের নিশানা করা হচ্ছে। নানাভাবে এবং নতুন নতুন কায়দায় হুমকি, হেনস্তা ও কুৎসা রটনা করা হচ্ছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব। শনিবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্পাদক রমাকান্ত দে এক বিবৃতিতে জানিয়েছেন, আগরতলা প্রেস ক্লাব গত কিছুদিন ধরে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে নতুন নতুন কায়দায় রাজ্যে সাংবাদিক ও সম্পাদকদের আক্রমণের নিশানা করা হচ্ছে। শনিবারও আগরতলা প্রেস ক্লাবের সদস্য তথা আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেব রায়ের মিলন সংঘস্থিত বাসভবনের সামনে একদল যুবক হুজ্জতি চালিয়েছে। দীর্ঘ সময় ধরে এই অরাজকতা চলে। এই ধরনের অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের কাছে আগরতলা প্রেস ক্লাবের তরফে দাবি জানানো হচ্ছে, ঘটনার তদন্ত করে দ্রুতগতিতে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এদিকে, এই ঘটনায় এদিন বিকেলে রাজ্যের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের ডিজি অনুরাগের সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন দিয়েছে। প্রতিনিধি দলটি রাজ্য পুলিশের ডিজির কাছে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরে এবং রাজ্যের সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানায়। এদিন মিলন সংঘে ফরিয়াদ পত্রিকার সম্পাদককে নিশানা করে, তার বাড়ির সামনে একদল মানুষ জড়ো হয়ে দীর্ঘ সময় ধরে যেভাবে হুমকি প্রদর্শন করেছে, তা রাজ্যের ইতিহাসে বিরল। এমন ঘটনা এর আগে ঘটেনি। সাংবাদিক প্রতিনিধি দল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *