রবিবার | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ

 টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রবল বৃষ্টির হুমকির মধ্যেই আজ ভারত-পাক মহারণ

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: শেষ পর্যন্ত আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত পাকিস্তান ব্যাটে বলের মহারণ হতে চলেছে। একটা সময় পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে অনেক জল ঘোলা হয়। শেষ পর্যন্ত ঘরে বাইরে প্রবল চাপের মুখে পিসিবি রাজি হয়। গোটা ক্রিকেট বিশ্বের চোখ যখন ভারত পাক মহারণ দেখার জন্য মুখিয়ে ঠিক তখন শ্রীলঙ্কার আবহাওয়া পূর্বাভাস। রীতিমতো হুমকির মধ্যেই উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বীর ক্রিকেট যুদ্ধ।

কলম্বোয় রবিবার বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর। বিঘ্নিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। পূর্বাভাস অনুযায়ী, রবিবার বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ। ম্যাচ শুরুর আগেই বৃষ্টিতে ভিজে যেতে পারে মাঠ। রবিবার বৃষ্টির জন্য খেলা না হলে কী হবে? পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে কতটা সমস্যায় পড়বেন সূর্যকুমার যাদব বা সলমন আলি আঘারা।

টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দুদলকেই অন্তত পাঁচ ওভার করে ব্যাট করতে হবে। বৃষ্টির জন্য রবিবার পুরো খেলা সম্ভব না হলেও কোনো একটি দল জিততে পারে সে ক্ষেত্রে। রবিবার যে দল জিতবে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যাবে। পরাজিত দলকে অপেক্ষা করতে হবে।

গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনো অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে নেই। তাই সোমবার ম্যাচ হওয়ার সুযোগ নেই। যা হওয়ার রবিবারই হবে। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৬০ মিনিট বা ১ ঘন্টা অতিরিক্ত সময় ধরে রেখেছে। বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী তার মধ্যে গ্রুপের খেলা শেষ হতে হবে। রবিবার খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় ভারতে সন্ধ্যা ৭টা। শেষ হওয়ার নির্ধারিত সময় ভারতে রাত ১০.১০। সেই হিসাবে ভারতীয় সময় অনুযায়ী রাত ১১.১০-এর মধ্যে খেলা শেষ হতে হবে।

পাঁচ ওভারের ম্যাচ হলেও তার মধ্যে খেলা শেষ করতে হবে। বহু বির্তকের পর রবিবার বিশ্বকাপে ভারত-পাক মহারণের বল গড়াতে চলেছে। যে ম্যাচ ক্রিকেটীয় দৃষ্টিতে যত না আকর্ষণীয় তার চেয়ে ইদানিংকালে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে নানাবিধ বিতর্কের জেরে। তেমনই এক বিতর্কের জন্ম হয়েছিল গত এশিয়া কাপে। সেই করমর্দন বিতর্ক সম্ভবত ফিরতে চলেছে বিশ্বকাপেও। রবিবার ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দন করবেন কিনা, সেই লাখ টাকার প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিলেন না পাক অধিনায়ক।

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে এসে সলমন আলি আঘা বলে গেলেন, ক্রিকেটে ঠিক যে স্পিরিটে খেলা হওয়া উচিত, বা আজীবন যে স্পিরিটে খেলা হয়ে আসছে, সেই স্পিরিটেই খেলা উচিত। আমরা চাই ভারত-পাক লড়াইয়ে বিশুদ্ধতা ফিরুক। কিন্তু এশিয়া কাপের বিতর্ক ভুলে রবিবার কি ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন? এ প্রশ্নের সরাসরি জবাব দিতে চাইলেন না পাক অধিনায়ক। আঘা বলেছেন, করমর্দানের বিষয়টি আপনারা মাঠেই দেখতে পাবেন। তবে যতটুকু খবর সম্ভবত এশিয়া কাপের মতোই টি-২০ বিশ্বকাপেও সূর্যকুমার যাদবরা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন নাও করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *