রবিবার | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কাঁঠালিয়ায় সাংবাদিক হেনস্থার প্রতিবাদে ডেপুটেশন

 কাঁঠালিয়ায় সাংবাদিক হেনস্থার প্রতিবাদে ডেপুটেশন

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের রোষানলের শিকার সোনামুড়া মহকুমার প্রবীণ সাংবাদিক নারায়ণ বৈদ্য। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার যাত্রাপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে সোনামুড়া প্রেস ক্লাবের তরফ থেকে। যাত্রাপুর থানার ওসির নিকট এই থানা এলাকায় সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে ডেপুটেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের তরফে। উল্লেখ্য, বৃহস্পতিবার ধর্মঘটের খবর সংগ্রহ করতে গিয়ে কাঁঠালিয়া মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের দ্বারা মানসিক ভাবে হেনস্থার শিকার হন ৭৪ বছর বয়সি সাংবাদিক সোনামুড়া প্রেস ক্লাবের প্রবীণ সদস্য কাঁঠালিয়া এলাকার নারায়ণ বৈদ্য। তিনি জানিয়েছেন, তখন বন্ধ সমর্থক পিকেটারদের পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। সঙ্গে থাকা মোবাইলে এই ছবি তুলছিলেন তিনি। এমন সময় বন্ধ বিরোধিতা করা কিছু দুষ্কৃতী তার কাজে বাধা দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ প্রাথমিক অবস্থায় তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে গেলেও পুলিশের উপস্থিতির কারণে কিছুক্ষণের মধ্যেই তা ফিরিয়ে দেয়। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তিনিই কাঁঠালিয়া ব্লক এলাকার একমাত্র প্রবীণ সাংবাদিক। কাজটিকে ভালোবেসে এখনও এই এলাকার বিভিন্ন খবরাখবর প্রতিদিন রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেরণ করেন তিনি। তার দীর্ঘ পাঁচিশ বছরের সাংবাদিকতার জীবনে এধরনের ঘটনা প্রথম। শুক্রবার এই বিষয় সম্পর্কে অবগত হয়ে সোনামুড়া প্রেস ক্লাবের তরফে যাত্রাপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনকালে নারায়ণ বৈদ্য সহ প্রতিনিধি দলে ছিলেন ক্লাব সম্পাদক অভিজিৎ বর্ধন, সহ-সভাপতি তাপস লস্কর, নরেশ দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *