শনিবার | ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দুই নাবালকের বিয়ে আটকালো প্রশাসন

 দুই নাবালকের বিয়ে আটকালো প্রশাসন

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী: বাল্যবিবাহে নাবালিকার সংখ্যা বেশি হলেও বর্তমান নাবালক বিয়ের কথা শোনা যাচ্ছে প্রায়শই। এবার একই সাথে দুই নাবালকের বিয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পানিসাগর মহকুমার দামছড়ার হিন্দুরাই পাড়ায়। যদিও প্রশাসনিক হস্তক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ এড়ানো সম্ভব হলেও বর্তমানে তা কতটুকু ফলপ্রসূ হয়েছে তা বলা মুশকিল। জানা গেছে গত পাঁচ ফেব্রুয়ারী শুক্রবার প্রথমেই উত্তর ত্রিপুরার চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষের নিকট খবর আসে দামছড়ার হিন্দুরাই পাড়ায় দুটি বাল্যবিবাহ হতে চলেছে। এদের মধ্যে এক নাবালকের বয়স ১৬, মেয়ের বয়স ২০, অপরটিতে ছেলের ১৮ মেয়ের বয়স ২১। এই খবর পাওয়া মাত্রই চাইল্ড হেল্পলাইন পানিসাগর মহকুমা প্রশাসনের সাথে যোগাযোগ করে। প্রশাসনের এক ডিসিএম সহ দামছড়া থানার পুলিশ বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি চাক্ষুষ করে। তারা সেখানে গিয়ে দেখতে পায় বেশ ঘটা করেই বিয়ের মণ্ডপ তৈরি করে বিয়ের প্রস্তুতি চলছে। প্রশাসনিক টিমটি সেখানে পৌঁছে নাবালকের অভিভাবকদের ডেকে কাউন্সেলিং করে জানিয়ে দেন এ বিয়ে সম্ভব নয়। প্রশাসনিক টিমে দেওয়া পরামর্শ অনুযায়ী অভিভাবকদের সম্মতিতে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিয়ের মন্ডপের সাজসজ্জায় ব্যবহৃত সামগ্রী খুলে দিয়ে কড়া ভাষায় উক্ত বাল্যবিবাহ নিষেধ করে ফিরে আসেন তারা। এর পরদিন অর্থাৎ শনিবার খবর আসে ওই একই স্থানে খুব ধুমধাম করে অতিথি আপ্যায়ন চলছে। এই খবর পেয়ে সোমবার আবারও চাইল্ড হেল্পলাইন সহ প্রশাসনিক টিম ওই বাড়িতে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেন। তাদের দেওয়া বক্তব্য অনুযায়ী সোমবার সেখানে গেলে বাল্যবিবাহের কোনও তথ্যপ্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যদিও বিষয়টি নিয়ে এখন তদন্ত চালিয়েছে পানিসাগর মহকুমা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *