সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

গ্র্যামির মঞ্চে বৌদ্ধ দর্শনের জয়, অডিয়ো বুকের জন্য সম্মানিত দলাই লামা!!

 গ্র্যামির মঞ্চে বৌদ্ধ দর্শনের জয়, অডিয়ো বুকের জন্য সম্মানিত দলাই লামা!!

অনলাইন প্রতিনিধি :-বিশ্ব সঙ্গীতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি গ্র্যামি পুরস্কার পেলেন নবতিপর বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্র্যামি অনুষ্ঠানে সেরা অডিয়ো বুক বিভাগে তাঁর অ্যালবাম পুরস্কৃত হয়। তবে মঞ্চে উপস্থিত থাকতে না পারায় তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট।যে অ্যালবামের জন্য এই সম্মান, তার নাম ‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lama’। এটি কোনও প্রচলিত গানের অ্যালবাম নয়। এই অডিয়ো বুকের মাধ্যমে উঠে এসেছে দলাই লামার বাণী, উপদেশ ও দর্শন। তাঁর কণ্ঠের সঙ্গে আবহসঙ্গীতে সঙ্গত করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর পুত্র আমান আলি বাঙ্গাশ ও আয়ান আলি বাঙ্গাশ।
অ্যালবামটির মূল ভাবনায় রয়েছে বিশ্বশান্তি, মানবিকতা, ধৈর্য, দয়া ও আশার বার্তা। পুরস্কার ঘোষণার পর প্রতিক্রিয়ায় দলাই লামা জানান, তিনি এই সম্মানকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না। তাঁর কথায়, “আমি কৃতজ্ঞতার সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছি। এটি আমাদের সবার দায়িত্ব ও মূল্যবোধের স্বীকৃতি।”তিনি আরও বলেন, “শান্তি, সহনশীলতা, পরিবেশের প্রতি যত্ন এবং মানবিকতা—এই বিষয়গুলো মানুষের কল্যাণের জন্য অপরিহার্য। গ্র্যামি পুরস্কার এই বার্তাগুলিকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে।”উল্লেখযোগ্যভাবে, সঙ্গীতের সঙ্গে সরাসরি যুক্ত নন—এমন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আগেও গ্র্যামি পেয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তৃতা সংকলনের জন্য দু’বার এই পুরস্কার অর্জন করেছেন। একই তালিকায় রয়েছেন মিশেল ওবামা ও প্রয়াত স্টিভ জোবস। সেই ধারাবাহিকতায় এবার গ্র্যামির মুকুটে যুক্ত হল বৌদ্ধ দর্শনের এক অনন্য স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *