বিশেষ ভোটার তালিকা সংশোধনের পর ১১ রাজ্য-সহ কেন্দ্রশাসিত অঞ্চলে কমল প্রায় ৩.১৩ কোটি ভোটার
চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৩২.৮৭ কোটিতে। অর্থাৎ প্রায় ৩.১৩ কোটি ভোটার কমেছে।
অনলাইন ডেস্ক, কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আটটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের সম্মিলিত ভোটার তালিকা থেকে প্রায় ৩.১৩ কোটি নাম কমেছে। শনিবার এই সংশোধন প্রক্রিয়া শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
বর্তমানে উত্তর প্রদেশ ছাড়া পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তীসগড়, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, গুজরাত, মধ্যপ্রদেশ এবং গোয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ অক্টোবর বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘোষণা হওয়ার সময় এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৩২.৮৭ কোটিতে। অর্থাৎ প্রায় ৩.১৩ কোটি ভোটার কমেছে।
গত বছর বিহারে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫১ কোটি ভোটারকে নিয়ে এই কাজ চালানো হয়। এখনও প্রায় ৪০ কোটি ভোটার বাকি রয়েছে, যাদের ১৭টি রাজ্য ও পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলে শীঘ্রই এই প্রক্রিয়ার আওতায় আনা হবে।
অন্যদিকে অসমে SIR-এর পরিবর্তে ‘বিশেষ সংশোধন’ প্রক্রিয়া ১০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে।
তবে দ্বিতীয় দফায় আটটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলাকালীন নানা কারণে সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছিল। বিহারের মতোই তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।