বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজ্যে প্রথমবারের মতো ত্রিপুরা স্টেট গেমসের প্রস্তুতি চূড়ান্ত!!

 রাজ্যে প্রথমবারের মতো ত্রিপুরা স্টেট গেমসের প্রস্তুতি চূড়ান্ত!!

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক,১৭ ফেব্রুয়ারী:-আসন্ন ত্রিপুরা স্টেট গেমস - ২০২৬ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মাঝে আর কয়েকটা দিন বাকি। আগামী বাইশ ফেব্রুয়ারী থেকে রাজ্যে শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো ত্রিপুরা স্টেট গেমসের আসর। মঙ্গলবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন (টিওএ) এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই মেগা ইভেন্টের বিস্তারিত দিক ও প্রস্তুতির পরিকল্পনা যাবতীয় বিষয় তুলে ধরেছে। রাজধানীর এনএসআরসিসিতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আহূত সাংবাদিক সম্মেলনে এদিন জানানো হয় যে আগামী বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারী তিনদিনব্যাপী রাজ্যে প্রথম ওপেন ত্রিপুরা স্টেট গেমস (আন্ত: জেলা) হতে চলছে। যেখানে আঠারোটি ভিন্ন ডিসিপ্লিনে প্রতিযোগিতা আয়োজিত হবে। যা রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেবে। আগরতলার এনএসআরসিসি, কলেজ টিলা, স্টেট টেনিস কমপ্লেক্স এবং আসাম রাইফেলস ক্যাম্প সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্রগুলি প্রতিযোগিতার ভেন্যু হিসাবে নির্বাচিত হয়েছে। আগামী বাইশ ফেব্রুয়ারী বাধারঘাটের দশরথ দেব স্টেডিয়ামে দুপুর দুটোয় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গেমসের সূচনা হবে। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব তথা সাংগঠনিক কমিটির সম্পাদক সুজিত রায় স্টেট গেমসের প্রস্তুতির বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরেন। এই স্টেট গেমস রাজ্যের ক্রীড়া উন্নয়নে এটা অন্যতম বড় পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে প্রেট্রোন-ইন-চিফ এবং ক্রীড়ামন্ত্রীকে চেয়ারম্যান করে এই স্টেট গেমসের সুষ্ঠু আয়োজনের জন্য একটি শক্তিশালী অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।এছাড়া বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং টিওএ-র সদস্যরা রয়েছেন। টুর্নামেন্টের ডিরেক্টর ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রতন সাহা। তিনি আরও জানান, আগামী বাইশ ফেব্রুয়ারী স্টেট গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আঠারোটি ডিসিপ্লিনের ক্রীড়াবিদ সহ সব মিলিয়ে প্রায় তিন হাজার লোকের সমাগম হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে অংশগ্রহণ করবেন আঠারোটি ইভেন্টের খেলোয়াড়রা।পাশাপাশি তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং আইওএর সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ন ২২শে টেপ গেমসের জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। গেম ভেন্যু প্রকাশ করা হয়েছে এদিন। স্টেট গেমসকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন টিওএর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রতন সাহা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমঙ মগ, ত্রিপুরা ক্রীড়া পর্যদের যুগ্ম সচিব স্বপন সাহা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় প্রমুখ। এদিকে স্টেট গেমসে দলগত ইভেন্টগুলিতে নকআউট প্রতিযোগিতা করাতে জেলা দলগুলো পর্যাপ্ত খেলার সুযোগ পাবে না। এছাড়া তিনদিনের স্বল্প সময়ের মধ্যে আঠারোটি ইভেন্টের সুষ্ঠু আয়োজন নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *