কলকাতা অফিস, অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী: প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কিউএস (কোয়ারালি সিমন্ডস) র্যাঙ্কিংয়ে অংশ নিতে চলেছে বিশ্বভারতী। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। একই সঙ্গে তিনি জানান, 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমাপ্রাপ্ত বিশ্বভারতী ক্যাম্পাসে শিগগিরই চালু হবে 'আয়রন ফ্রি' পানীয় জলের পরিষেবা।
উপাচার্য জানান, কিউএস র্যাঙ্কিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, জাতীয় স্তরের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এও অংশ নিচ্ছে বিশ্বভারতী। উল্লেখ্য, কিউএস র্যাঙ্কিংয়ে ইতিমধ্যেই দেশের একাধিক আইআইটি, দিল্লি বিশ্ববিদ্যালয় ও আন্নামালাই বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
ও পরিকাঠামোগত পরিবেশবান্ধব উদ্যোগের কথাও তুলে ধরেন উপাচার্য। শ্রীনিকেতনে একটি আধুনিক গোশালা নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে গরুদের জন্য পর্যাপ্ত খাদ্য ও জলের ব্যবস্থা থাকবে। দিনে খোলা চত্বরে চরানো হবে গরুগুলিকে এবং রাতে তাদের নির্দিষ্ট স্থানে রাখা হবে। গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। সেই গ্যাস ব্যবহার করে শ্রীনিকেতন এলাকায় পথবাতি জ্বালানো হবে। পাশাপাশি, গোশালা থেকে সংগৃহীত দুধ পাঠভবনের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে পড়ুয়াদের জন্য সরবরাহ করা হবে।
এছাড়া, শ্রীনিকেতন ও পূর্বপল্লি এলাকায় জৈব সার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যাম্পাসের পচনশীল বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করে তা বিশ্ববিদ্যালয়ের বাগান পরিচর্যা ও সবুজায়নের কাজে ব্যবহার করা হবে।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারীতে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজনের কথাও ভাবা হয়েছে। সেই অনুষ্ঠানে আচার্য তথা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।