দৈনিক সংবাদ অনলাইন, ২২ ফেব্রুয়ারী।। রবিবার আসামের বরাক উপত্যকার বদরপুর রেল স্টেশনে এক বড়সড় অভিযানে নেমে সাফল্য পেল সরকারি রেল পুলিশ। এদিন দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস থেকে প্রায় আশি লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট সহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম অভিজিৎ দেবনাথ। বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার মজলিশপুর বিধানসভার অন্তর্গত রানীবাজারের হরিচৌধুরী পাড়ায়। রবিবার সকালে ১৫৬২৬ নম্বরের দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি বদরপুর স্টেশনে পৌঁছালে, জিআরপির একটি দল গোপন খবরের ভিত্তিতে রুটিন তল্লাশি শুরু করে। সেই সময়েই অভিজিতের আচরণে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি সোনার বিস্কুট। জিআরপি জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলির মোট ওজন ৫৮৪.০৪ গ্রাম। বর্তমানে যার বাজার মূল্য প্রায় আশি লক্ষ টাকারও বেশি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিজিৎ এই সোনা আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বদরপুর জিআরপি এই ঘটনায় একটি মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে। রেলপথে চোরাচালান রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।এই চক্রের মূল উৎস পর্যন্ত পৌঁছানোই এখন পুলিশের প্রধান লক্ষ্য।