শুক্রবার | ০৬ মার্চ ২০২৬

তেলিয়ামুড়া ফলবাজারে বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষতি!!

 তেলিয়ামুড়া ফলবাজারে বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষতি!!

দৈনিক সংবাদ অনলাইন।।তেলিয়ামুড়া ফল বাজারে বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাত আনুমানিক বারোটা নাগাদ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে।
এই অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কিছু দোকান। দোকান গুলির মধ্যে মুদি, হার্ডওয়্যার, ইলেকট্রনিক, জুয়েলারি সহ বেশ কয়েকটি ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দোকানে গ্যাস মজুদ থাকায় সেখানে বিস্ফোরণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে কল্যাণপুর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ, থানার ওসি জয়ন্ত কুমার দে সহ থানার বিশাল পুলিশ বাহিনী।
দমকল কর্মী, পুলিশ এবং স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিভাতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন। ব্যাবসায়ীরা কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর অনুপস্থিতিতে ডি.সি.এম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি মহকুমা শাসকের দুর্যোগ মোকাবিলা দলের কয়েকজন সিভিল ডিফেন্স ও আপদা মিত্র ভলান্টিয়ার্স ঘটনাস্থলে উপস্থিত থাকলেও, তাদের একাংশ’কে ফটোসেশন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন প্রত্যক্ষ করতেই দেখা যায়।
এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানান, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *