রবিবার | ১৫ মার্চ ২০২৬

তিপ্রা মথাকে নিয়ে তীব্র কটাক্ষ, এডিসির ২৮ আসনেই জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী!!

 তিপ্রা মথাকে নিয়ে তীব্র কটাক্ষ, এডিসির ২৮ আসনেই জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী!!

দৈনিক সংবাদ অনলাইন, ১৫মার্চ: আমরা কাউকে ছেড়ে দিতে চাই না। কেউ এসে দাদাগিরি করবে, তাও চলবে না। আমাদের শরিক দল হিসেবে যা দেওয়ার তা আমরা দিচ্ছি। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা ২৮টি আসনের ২৮টিই দখল করব। বিজেপি দল ক্ষমতায় আসার পর উপজাতি এলাকার জনগণের উন্নয়ন শুরু হয়েছে। বক্তা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। করমছড়া মণ্ডল কমিটির উদ্যোগে ধূমাছড়া এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়। আর এই যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

করমছড়া মণ্ডল কমিটির উদ্যোগে ধূমাছড়া স্কুল মাঠে আয়োজিত যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সরকারের শরিক দল তিপ্রা মথাকে তীব্রভাবে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী নাম না করে তিপ্রা মথা সুপ্রিমোকে উদ্দেশ্য করে বলেন, কেউ এসে দাদাগিরি করবে তা কোনোভাবেই মানা যায় না। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সকলকে নিয়ে চলতে চাই।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর উপজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা পরিষদকে তার প্রাপ্য অর্থ দেওয়া হয়েছে। কিন্তু সেই অনুযায়ী উপজাতি এলাকার উন্নয়ন করা হয়নি। মুখ্যমন্ত্রী স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায় থাকা নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন, তিপ্রা মথার নেতারা আরাম-আয়েশে দিনযাপন করলেও তারা সাধারণ জনগণের জন্য কোনো কাজ করেননি। তিনি বলেন, বিজেপি দল জোটধর্ম রক্ষা করে চলে। মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র বিজেপিই জনগণের জন্য কাজ করে। বিজেপি দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিজেপি অন্য রাজনৈতিক দল থেকে আলাদা। বিজেপির একমাত্র লক্ষ্য হচ্ছে উন্নয়ন করা। আর এই উন্নয়নের ফলেই জনজাতিরা দলে দলে বিজেপি দলে যোগদান করছেন।

মুখ্যমন্ত্রী বলেন, জেলা পরিষদ এলাকার রাস্তাঘাটগুলির বেহাল দশা। অথচ রাজ্য সরকার এডিসির প্রাপ্য অর্থ মিটিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছে সেই টাকা? মুখ্যমন্ত্রী বলেন, স্বশাসিত জেলা পরিষদ এলাকার যে জায়গায় বিজেপি দলের সভা হচ্ছে সেই সভাগুলিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এবার আমরা ২৮টি আসনের ২৮টিই দখল করব। যোগদান সভায় ধূমাছড়া সহ আশপাশ এলাকার ১৪৭ পরিবারের ৫৮৭ জন ভোটার সিপিএম ও তিপ্রা মথা ছেড়ে বিজেপি দলে যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, ধলাই কমিটির সভাপতি পতিরাম রিয়াং, করমছড়া মণ্ডল কমিটির সভাপতি সনজিৎ দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মনু ছৈলেংটা সদস্য সঞ্জয় দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *