তারেকের শপথে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক বার্তাকে ঘিরে। বিএনপি নেতা তারেক রহমানের সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হতে পারে এমনটাই জানালেন তার বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম WION-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতেই এই উদ্যোগ।
জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পরেই তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। শুধু বার্তাতেই নয়, পরে ফোনালাপেও দু’জনের মধ্যে আলোচনা হয় ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে। সমাজমাধ্যমে মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত এবং ভারত-বাংলাদেশে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদী।
বিএনপির বক্তব্য, ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক শুধু কূটনৈতিক প্রয়োজন নয়, বরং গোটা দক্ষিণ এশিয় অঞ্চলের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা যা হবে সদিচ্ছা ও সহযোগিতার প্রতীক।
প্রসঙ্গে, শেখ হাসিনা সরকারের পতনের পর এবং পরবর্তী সময়ে মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থায়ী সরকার গঠনের পর নতুন নেতৃত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলতে পারে এবং আঞ্চলিক সহযোগিতায় আসতে পারে নতুন যোগাযোগ।