কেন্দ্রের উল্টো পথে হাঁটছে ত্রিপুরা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা না দিয়ে ড্রেস প্রদান নিয়ে প্রশ্ন
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ৬ মার্চঃ রাজ্যের সরকারী স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের ড্রেস নিয়ে গত বছর যে কেলোর কীর্তি সংঘটিত হয়েছিলো সেই থেকে কোনো শিক্ষা নেয়নি দপ্তর। ফের এক বছরের জন্যও ছাত্রছাত্রীদের ড্রেস স্কুলে স্কুলে পৌঁছে গেছে কেন্দ্রীয়ভাবে বিতরণের জন্য। গত বছর শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে হঠাৎ করে ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয়ভাবে ড্রেস সরবরাহ করা হয়। সেই ড্রেস একদিকে যেমন নিম্নমানের ছিল তেমনি অধিকাংশই ছাত্রছাত্রীদের গায়ে ফিট হয়নি। ফলে অধিকাংশ ড্রেসই ছাত্রছাত্রীদের কোনো কাজে আসেনি। অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কেননা বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে রেডিমেড ড্রেস স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। ফলে ছাত্রছাত্রীদের বেশিরভাগ ড্রেসই গায়ে ফিট হয়নি।
জানা গেছে, রাজ্য শিক্ষা দপ্তর বিশেষ করে সমগ্র শিক্ষার একাংশ কুচক্রীরা মফতলাল ইন্ডাস্ট্রির সাথে একটি গোপন সমঝোতা করে কেন্দ্রীয়ভাবে স্কুলে স্কুলে ড্রেস সরবরাহের সিদ্ধান্ত
ঘোটালার অভিযোগনিয়েছিলো। এ নিয়ে বিশাল আর্থিক ঘোটালার অভিযোগ ওঠে। কিন্তু গত বছরের কেলেঙ্কারি থেকে কোনো শিক্ষাই নেয়নি দপ্তর। ফের এ বছরও শিক্ষাবর্ষ শুরুর আগেই স্কুলে স্কুলে ড্রেস পৌঁছানো হয়ে গেছে। এবারও সেই ড্রেস ছাত্রছাত্রীদের গায়ে উঠবে কিনা তা খোদায় মালুম। ছাত্রছাত্রীদের স্ট্যান্ডারডাইজড্ ইউনিফর্ম পলিসিতে আনার জন্য এই পদ্ধতি চালু করা হয়েছে বলে শিক্ষা দপ্তরের দাবি। আদতে এর পেছনে কাজ করেছে কমিশন বাণিজ্য বলে অভিযোগ। দু নম্বরি টু পাইস কামানোর ধান্ধায় বহিঃরাজ্যের কোম্পানিকে এই ড্রেস সরবরাহের বরাত দেওয়া হয় বলে অভিযোগ। যেখানে সরকারের পলিসি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করিয়ে সাহায্য করা, কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর চলছে উল্টো দিকে। কেন্দ্রীয়ভাবে ছাত্রছাত্রীদের নিম্নমানের ড্রেস সরবরাহ করে এবং তাও আবার ছাত্রছাত্রীদের ক্লাস অনুযায়ী ড্রেস ফিটিংস না হওয়ায় প্রচুর ড্রেস এমনিতেই স্কুলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। গত বছর স্কুলগুলিতে এরকমই অভিজ্ঞতা রয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকশিক্ষিকাদের।
প্রশ্ন উঠেছে, গত বছর থেকে অভিজ্ঞতা বা কোনোরকম শিক্ষা না নিয়ে কীভাবে ফের অনুমানভিত্তিক ড্রেস সরবরাহ করা হলো স্কুলগুলিতে। তা কি আদৌ ছাত্রছাত্রীদের উপকারে আসবে।
উল্লেখ্য, সমগ্র শিক্ষার তরফে তিন রকমের ড্রেস প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা হচ্ছে। এগুলি হলো, বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য একরকম ড্রেস, পিএমশ্রী স্কুলগুলির জন্য একরকমের ড্রেস এবং অন্যান্য সরকারী স্কুলের জন্য একরকম ড্রেস। এতে সমস্ত ছাত্রীরা, সমস্ত এসসি ছাত্রছাত্রী, এসটি ছাত্রছাত্রী এবং সব বিপিএল ভুক্তরা বিনামূল্যে কেন্দ্রীয়ভাবে ড্রেস পাবার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে।