কৃত্রিম মেধা সম্মেলনে জামা খুলে বিক্ষোভের জের!! যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির চার দিনের পুলিশি হেফাজত!!
দৈনিক সংবাদ, অনলাইন।। কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন জামা খুলে বিক্ষোভের জেরে আরও কোনঠাসা হতে চলেছে যুব কংগ্রেস। মঙ্গলবার ভোরে সংগঠনের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব-কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার তিলক মার্গ থানায় প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
মঙ্গলবার তাঁকে পাতিয়ালা হাউস কোর্ট-এ পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই মামলায় এখনও পর্যন্ত মোট আট জন গ্রেফতার হলেন। আগেই চার জনকে ধরা হয়েছিল। পরে মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে আরও তিন জন এবং ললিতপুর থেকে উত্তরপ্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রিতিক ওরফে মন্টি শুক্লকে আটক করা হয়।
গত শুক্রবার ভারত মণ্ডপম-এ চলা সম্মেলনে প্রবেশ করে যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা জামা খুলে বিক্ষোভ দেখান। তাঁদের জামায় নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা এবং ভারত–আমেরিকা বাণিজ্য সমঝোতা নিয়ে আপত্তির কথা লেখা ছিল। সে সময় দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকায় নিরাপত্তা ও কূটনৈতিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
এর আগেই আদালত মন্তব্য করেছিল, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত প্রকাশের অধিকার থাকলেও বিদেশি প্রতিনিধিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বা নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। আদালতের মতে, এই বিক্ষোভ ভিন্নমতের বৈধ সীমা ছাড়িয়েছে।
ঘটনার নিন্দা জানিয়েছে বিজেপিবিরোধী জোট ইন্ডিয়া-র শরিক তৃণমূল কংগ্রেস-ও। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এ ধরনের কর্মসূচি আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মানহানির কারণ হতে পারে এবং তা ‘দুর্বল বিচারবুদ্ধির প্রতিফলন’।