‘বাঘবন্দি খেলা’য় প্রশ্নের মুখে বন্যপ্রাণ সুরক্ষা

‘ডুয়ার্স রানি’র গর্ভেই নষ্ট হয়েছে সন্তান!

নিজস্ব সংবাদদাতা– বিরাট তোজজোড় করে বক্সায় আনা ‘ডুয়ার্স রানি’ এনক্লোজার খুঁড়ে পালিয়েছিল গত রবিবার। মনে করা হচ্ছে আবার অসমের দিকেই যেতে পারে সে। রেডিওকলারের শেষ সংকেতও তেমনই বলছে। যদিও গত ৩-৪ দিনের গতিবিধি বলছে, বক্সাতেই আছে সে। কিন্তু এর মধ্যেই গুরুতর প্রশ্ন উঠে গেল বাঘিনির শারীরিক অবস্থা নিয়ে।
পশুপ্রেমীরা প্রশ্ন তুলেছেন, এই বারবার বাঘকে ঘুম পাড়ানি ওষুধ দেওয়া, পরিবেশের সঙ্গে মানিয়ে না নেওয়া-সহ স্থানান্তরের ধকল তার উপর চাপ বাড়িয়েছে। এই প্রশ্ন ধরেই এবার সামনে এল একটি রিপোর্ট। যেখানে দাবি করা হয়েছে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাংলায় স্থানান্তরের এই দীর্ঘ ছ’সপ্তাহে বাঘিনির শরীরের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে।
বিহার থেকে বাংলায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বাঘিনিটি একাধিকবার চোট পেয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই ধকলের জেরে বাঘিনির গর্ভে থাকা তিন মাসের তিনটি শাবকও নষ্ট হয়ে গিয়েছে!
অসমে বাঘিনিটিকে পুনরায় ধরার পর তাকে সুস্থ হওয়ার সুযোগ দেওয়ার একটা উপায় ছিল কর্তৃপক্ষের হাতে। কিন্তু সময় ও অর্থের অভাবে বন দফতর হরিণ রাখার একটি খাঁচাকেই বাঘের এনক্লোজারে পরিণত করে, যা বাঘিনিটিকে আটকে রাখার পক্ষে যথেষ্ট ছিল না বলে ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় শহর থেকে ১০ কিলোমিটার দূরে গেলাগুড়ি গ্রামে ঘুমের ওষুধ দিয়ে তাকে ধরার পরই তিনটি শাবকের গর্ভপাতের ঘটনা ঘটে। তারপরেই আধিকারিকরা জানতে পারেন যে, বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল!
উদ্ধারের সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ ওঁরাও। বক্সা সূত্রে খবর, ভিড় বাড়ায় ঘুমের ওষুধের প্রভাব কাটানোর আগেই বাঘিনিটিকে খাঁচায় ভরে গাড়িতে তোলা হয়। যদিও গর্ভপাতের বিষয়ে মন্ত্রী মনোজ ওঁরাও বিন্দুবিসর্গ জানেন না বলে দাবি করেছেন। বক্সার ফিল্ড ডিরেক্টর কুমার বিমলও কোনও প্রতিক্রিয়া দেননি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির চিফ সঞ্জয় কুমার জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং খতিয়ে দেখা হচ্ছে।
ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অধিকর্তা ডঃ জি এস ভরদ্বাজ জানিয়েছেন, বাঘিনিটিকে প্রথম ধরার সময় সে যে অন্তঃসত্ত্বা, তার কোনও লক্ষণ দেখা যায়নি। হরমোন বিশ্লেষণ বা আল্ট্রাসাউন্ড ছাড়া তা বোঝাও সম্ভব নয়। তাঁর মতে, ‘অ্যানাস্থেশিয়া, স্থানান্তরের ধকল এবং নতুন পরিবেশের চাপের কারণে এই গর্ভপাত হতে পারে।’
একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, গত ২৯-৩০ সেপ্টেম্বর স্থানান্তরের সময় বাঘিনির থাবায়, নাকের কাছে ক্ষত সৃষ্টি হয়। চোয়ালের নিচের দিকের দাঁত ভেঙে যায় এবং খাঁচার দেওয়ালে আঁচড় কাটতে গিয়ে নখও ক্ষয়ে যায়।
গত ১৫ অক্টোবরের রিভিউ মিটিংয়ে বিশেষজ্ঞ কমিটির চেয়ারপার্সন রাজেশ গোপাল জানিয়েছিলেন, সুস্থ না হওয়া পর্যন্ত বাঘিনিটিকে এনক্লোজারে রাখা উচিত ছিল। কিন্তু তা না মানায় ২৩ অক্টোবর সে অসমে চলে যায়। এরপর এনটিসিএ পশ্চিমবঙ্গ বন দফতরের কাছে ৫ নভেম্বর জরুরি ভেটেরিনারি রিপোর্ট, ছবি ও ভিডিও চেয়ে পাঠায়। সেই রিপোর্টের অপেক্ষার মাঝেই ৮ নভেম্বর বক্সার সেই অস্থায়ী এনক্লোজার থেকে পালিয়ে যায় বাঘিনিটি। বনমন্ত্রী মনোজ ওঁরাওয়ের দাবি, দেওয়ালের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে সে। কিন্তু বাঘ আদৌ সুড়ঙ্গ খুঁড়তে পারে কি না, সে বিষয়ে বক্সার ফিল্ড ডিরেক্টর স্পিকটি নট!
বন দফতরের একাংশের মতে, হরিণ রাখার ওই এনক্লোজারের নিচে বাঘ রাখার মতো কংক্রিটের শক্ত ভিত্তি ছিল না। অসম থেকে ফেরার পর বাঘিনিটি এনক্লোজারের দুর্বল জায়গা খুঁজেছিল এবং পেয়েও যায়। ডঃ রমেশ অবশ্য তড়িঘড়ি এনক্লোজার তৈরির কথা স্বীকার করে নিয়ে বলেন, ঘাস দিয়ে সেটা শক্ত করা হয়েছিল।
আপাতত বাঘিনিটি বক্সার কোর এরিয়াতেই ঘোরাফেরা করছে বলে মনে করা হচ্ছে। দীপাবলির বাজির শব্দে জয়ন্তী গ্রাম থেকে সে মুখ ঘুরিয়ে হাতিপোতা রেঞ্জের চুনিয়ার দিকে চলে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বক্সা ও উত্তরবঙ্গের জঙ্গলকে পুনরুজ্জীবিত করতে এই স্থানান্তর প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এর বাস্তবায়নে আরও সতর্কতা ও যথাযথ পরিকাঠামো প্রয়োজন।

Sumit Chakraborty: