তৃণমূলে কী এবার বড় ভাঙণ, তাপস রায়ের পোস্ট ঘিরে তোলপাড়, জল্পনা জিইয়ে রাখলেন ঋতব্রত

কলকাতা, ২ জুন– তৃণমূলে কী এবার বড়সড় ভাঙণের ইঙ্গিত? মঙ্গলবার বিজেপি বিধায়ক তাপস রায়ের সমাজমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এমন জল্পনা তৈরি হয়েছে। সেখানে তিনি দাবি করেন, বিধানসভায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে হাজির হচ্ছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাপসের এই পোস্টের কিছু সময় পরে বিধানসভায় আসেন ঋতব্রত। তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, সবই জল্পনা। তবে বিকেলেই জল্পনা জিইয়ে রেখে বলেন, কাল কী হবে জানি না।

            দলবিরোধী কাজের জন্য ইতিমধ্যে ঋতব্রত এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল। তারপরেই তৃণমূলের দিকে আঙুল তোলেন ঋতব্রত, দুর্নীতি নিয়ে তীব্র কটাক্ষ করেন। পাশাপাশি এও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে সম্মান ছিল, তা আগামীদিনেও থাকবে। এই আবহেই মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষের কাছে দলের তরফে একটি চিঠি জমা দিতে যান তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক বিধায়ক অসীমা পাত্র। কুণাল জানান,  স্পিকারের সচিব জানিয়েছেন, স্পিকারের অনুমতি ছাড়া বিরোধীদের কোনও চিঠি গ্রহণ করা যাবে না। কুণালদের চিঠি গ্রহণ করা হয়নি। তারা স্পিকারের টেবিলে চিঠি রেখে চলে আসেন বলে জানান কুণাল। তবে চিঠি কী বিষয়ে লেখা, তা জানাননি তিনি। এ বিষয়ে তাপস রায় বলেন, ‘যেহেতু তদন্ত চলছে, তাই হয়তো চিঠি নেওয়া হয়নি।’

            এসবের মধ্যেই তাপস রায়ের সমাজমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে তৈরি হয় জল্পনা। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন,‘ তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হল তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছেন ঋতব্রত। খেলা হবে।’ ঋতব্রত যদিও দাবি করেন, তিনি বিধানসভার কাজে এসেছেন। ৫০ জন বিধায়ক কী সত্যিই তার পাশে রয়েছেন? জবাবে ঋতব্রত বলেন, ‘আমি আমার এবং সন্দীপন ছাড়া কারও দায়িত্ব নিতে পারব না।’ তাপস রায়ের পোস্ট সম্পর্কে ঋতব্রত বলেন, ‘উনি কী পোস্ট করেছেন উনি বলতে পারবেন। তবে আমি নাকি দক্ষিণ কলকাতার হোটেলে বৈঠকে একাধিক বিধায়কের সঙ্গে বসেছি বলে শোনা যাচ্ছে। আমি বলব, আমার টাওয়ার লোকেশন দেখুক। আমি কোথায় ছিলাম।’ তবে সোমবার রাতে বিধায়ক আবাসে তার সঙ্গে তৃণমূলের বিধায়ক শিউলি সাহা দেখা করতে যাওয়ার বিষয়টি স্বীকার করে নেন ঋতব্রত।

             মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সম্মান থাকবে সেই কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ঋতব্রত। তার মন্তব্য, ‘মমতা যে পার্টি করেছিলেন, ঘটনাচক্রে কর্পোরেট রীতিতে চলতে গিয়ে সেই তৃণমূল বৈশিষ্ট্য হারিয়েছে। (ভোটের ফলঘোষণার) ২৬ দিন পরে বেরিয়ে গণপিটুনি বা চোরপিটুনি অভিষেক খেলেন। গতকাল থেকে আমি গদ্দার, বেইমান শুনছি, কিন্তু চোর-চোর শুনছি না। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের থেকে নিরাপত্তাও চাইনি।’ এসবের পরেও নতুন তৃণমূলের জল্পনা চলছেই। আগামীকাল কী ফের বিধানসভায় আসবেন ঋতব্রত। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আজ-এ বিশ্বাসী, কাল কী হবে জানি না, বলতে পারব না।’

Sumit Chakraborty: