তিরুবনন্তপুরম, ৯ এপ্রিল : আসাম, কেরলম ও পুদুচেরি। একযোগে দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে আজ চলছে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে ছটা পর্যন্ত। সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রগুলির সামনে লাইন ভোটারদের।
আসাম এবং পুদুচেরিতে এবার সরাসরি লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের। অন্যদিকে, কেরলমের মূল লড়াই বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের। এই কেরলমেই অস্তিত্বরক্ষার লড়াই বামেদের। অসমে পরপর দু’বার সরকারে বিজেপি। সেখানে ক্ষমতা ধরে রাখার লড়াই হিমন্ত বিশ্বশর্মার। এই রাজ্যে সার্বিকভাবে মূল লড়াই কংগ্রেসের সঙ্গে হিমন্তর বিজেপির। এই রাজ্যে কংগ্রেস লড়ছে গৌরব গগৈয়ের নেতৃত্বে।আসামে তৃতীয় শক্তি হিসাবে লড়াইয়ে মৌলানা বদরউদ্দিন আজমলের এআইইউডিএফ। মূলত সংখ্যালঘু এলাকায় তাঁর প্রভাব। বাংলার শাসকদল তৃণমূলও লড়ছে।
কেরলমে তথাকথিত ইউডিএফ এবং এলডিএফের লড়াইয়ে এবার দাঁত ফোটাতে মরিয়া বিজেপি। পরপর দু’বার ক্ষমতায় থাকার দরুন পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা চরমে। তবে বিজয়নের ব্যক্তিগত ক্যারিশমায় আরও একবার সরকার গঠনের স্বপ্ন দেখছে বামেরা। দেশের এই একটিমাত্র রাজ্যে এখন বাম সরকার। এই রাজ্যটি বামেদের হাতছাড়া হলে অস্তিত্ব সংকটে পড়বে বামেরা।