ইরানের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ৯ এপ্রিল – বুধবার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে আমেরিকা। আর এবার ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে়ডি ভান্সকে দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবার ইরান এবং আমেরিকা মুখোমুখি বসতে চলেছে। বৈঠক হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভান্স। তার সঙ্গে থাকবেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা তথা প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার।

তবে এরই মধ্যে লেবাননের উপর ইজরায়েল একের পর এক হামলা চালিয়ে যাওয়ায় সে‌ই সংঘর্ষবিরতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও লেবান‌নের বিরুদ্ধে ইজ়রায়েলের হামলাকে এই শান্তি আলোচনার মধ্যে আনতে চাইছে না আমেরিকা। লেবাননের ঘটনার সঙ্গে এই যুদ্ধবিরতির কোনও যোগসূত্রই নেই বলে দাবি করেছেন ভান্স। হাঙ্গেরিতে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “ইরান যদি লেবাননের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা ভেস্তে দিতে চায়, তবে সেটি তাদের সিদ্ধান্ত। তবে লেবাননের ঘটনা হল এমন একটি বিষয়, যার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। লেবাননেও যে যুদ্ধবিরতি হবে, এমন কথা আমেরিকা কখনও বলেনি।”

তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, লেবাননের ওপর ইজরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। হয় যুদ্ধবিরতি, নয়তো ইজ়রায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখা। দু’টি এক সঙ্গে চলতে পারে না। লেবাননের গণহত্যা সমস্ত বিশ্ব দেখছে।’

Sumit Chakraborty: