বনগাঁ, ৩ নভেম্বর– বাংলায় ডবল ইঞ্জিনের সরকার। কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়ন করবে বলে আগেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও সেই বঞ্চনার অভিযোগ সামনে এলো। প্রকাশ্যে চলে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের এক মন্ত্রীর গোষ্ঠীর মধ্যে ‘বিবাদ’। ফলে প্রায় অচল হয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে পণ্য পরিবহণের কাজ।
গত ৩৬ ঘণ্টা ধরে ব্যাহত আন্তর্জাতিক সীমান্তে পণ্য পরিবহণের কাজ। সরাসরি প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে। বিজেপি-র একটি সূত্রে খবর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনের নেতৃত্বের মধ্যে কাজের ভাগাভাগি নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে কাজ স্বাভাবিক করার নির্দেশ এসেছিল ‘উপরমহল’ থেকে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি।
শান্তনুর কথায়, ‘যারা গোলমাল করে কাজ বন্ধ করে দিয়েছেন, তারা এখন বিএমএস-এর সদস্য, এ কথা ঠিকই। কিন্তু এদের অধিকাংশই আগে ছিলেন আইএনটিটিইউসি-তে। রাজ্যে পরিবর্তনের পরে এরা বিএমএস-এ ঢুকেছেন এবং নেতা হওয়ার বা সংগঠনের নেতৃত্ব দখল করার চেষ্টা করছেন।’ তবে এ নিয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যের মন্ত্রী।