ওয়াশিংটন, ৫ জুন : ফের নিজের দেশেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর অবস্থানে অস্বস্তি বাড়ল ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার ট্রাম্পের আবেদন উপেক্ষা করে ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়া ও রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশও বিলটিকে সমর্থন করেছেন। সেটাও আরও অস্বস্তির কারণ হয়েছে ট্রাম্পের।
বৃহস্পতিবার রাতে (ভরতীয় সময়) ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ ‘ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট’ নামে বিলটি ২২৬-১৯৫ ভোটে পাশ হয়। কয়েক মাস ধরে সেটি আটকে ছিল। শেষ পর্যন্ত কয়েকজন রিপাবলিকান সদস্য বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিশেষ আবেদনপত্রে স্বাক্ষর করলে এটি ভোটাভুটির জন্য উত্থাপন করা সম্ভব হয়। আর এতেই রিপাবলিকান পার্টির অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট হলো বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে মার্কিন আইনসভার নিম্নকক্ষে ভোটাভুটিতে বৃহস্পতিবার ট্রাম্প ধাক্কা খেয়েছেন। ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আনা বিল ২১৫-২০৮ ভোটে পাশ হয়। চার জন রিপাবলিকান সদস্যও বিরোধী ডোমোক্র্যাটদের আনা ওই বিল সমর্থন করেন। তারপরে আবার ধাক্কা ট্রাম্পের।