কলকাতা, ৯ মে– বিধানসভা ভোটের ফল বেরনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলায় ভোট চুরি করেছে বিজেপি। আর ভোট চুরি করে একশো আসনে বিজেপির জয় হয়েছে দাবি তার। তিনি হারেননি বলে বারবার দাবি করেছেন। প্রথামাফিক রাজভবনে (বর্তমানে যার নাম লোকভবন) গিয়ে ইস্তফাপত্রও দেননি তিনি। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনে সমাজমাধ্যমে নিজের পরিচয় বদলালেন তৃণমূলনেত্রী। তবে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেননি, বরং লিখেছেন তিনি তিনবারের বিধানসভার মুখ্যমন্ত্রী।
ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বা এক্স হ্যান্ডলে নিজের নামের পাশে এতদিন ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ লেখেননি মমতা। শুধু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে তার কার্যকালের মেয়াদ। সমাজমাধ্যমে মমতার নতুন পরিচয়— ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ বিধানসভা)’। আবার এই একইদিনে সমাজমাধ্যমে নিজের নামের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথাটি জুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।