তোষণের রাজনীতি করে তৃণমূল, আক্রমণে শুভেন্দু

কলকাতা, ২৪ আগস্ট- অন্নপূর্ণা যোজনায় ধর্ম-বর্ণ দেখে টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূলই তোষণের রাজনীতি করেছে। তিনি আরও দাবি করেন, ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। এর মধ্যে ১৯ লক্ষ মুসলিম মহিলাও টাকা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মন্তব্য, ‘আমাদের সরকার কোনও ধর্মের বিভাজন করে না। এই প্রকল্পের আওতায় প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারের অ্যাকাউন্টেও ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে।’

            শুভেন্দু আজও কটাক্ষের সুরে জানিয়েছেন, পিসি-ভাইপো দুজনেই দুর্নীতি করেছেন। তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে। এখন উনি ফেসবুকেই থাকুন। ওনাকে বলব, কথা কম বলুন, অনেক বয়স হয়েছে। বাইরে না বেরোনোই ভাল। আর উনি যাতে বাইরে বেরতে না পারেন সেই ব্যবস্থা করব।’ একই সঙ্গে মতুয়া ও হিন্দু শরণার্থীদের জন্য এক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী দ্রুত আবেদনপত্র নিষ্পত্তি করে সংশাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাশাসকদের মাধ্যমে এই বিষয়ে প্রশাসনিক নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে অপেক্ষায় থাকা ২ লক্ষ ৭ হাজার আবেদনের পাশাপাশি নতুন করে যাঁরা আবেদন করবেন, দ্রুত শুনানি শেষ করে সকল যোগ্য শরণার্থীকে ভারতীয় নাগরিকত্বের অফিসিয়াল সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।    

Sumit Chakraborty: