কলকাতা, ১২ জুলাই– পানিহাটীর প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে লটারি হাতিয়ে নেওয়া, তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মতো একাধিক অভিযোগ উঠেছিল। এবার সেই তীর্থঙ্করকেই গ্রেফতার করল পুলিশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পানিহাটী থেকেই প্রার্থী করা হয়েছিল তীর্থঙ্করকে।
রবিবার বেশি রাতের দিকে দক্ষিণেশ্বর থেকে বিধায়ক-পুত্রকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে তীর্থঙ্করকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর আদালতে। বিচারক তার ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তীর্থঙ্করের আইনজীবী জানান, তার মক্কেলের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। বিচারক ৬ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পরে তৃণমূল দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে কালীঘাট তৃণমূলেই ছিলেন তীর্থঙ্কর। সাম্প্রতিককালে ঋতব্রত তৃণমূলের একটি বৈঠকে আচমকা হাজির হয়েছিলেন নির্মল ঘোষ। যদিও ঋতব্রতদের দাবি, তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
আজ তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে তার ওপর যথারীতি চলল ডিম হামলা। খড়দহ থানার পুলিশ লক-আপ থেকে তীর্থঙ্করকে বের করে প্রিজন ভ্যানে তোলার স্বল্প সময়টুকুতেই তার ওপর ডিম ছুড়ল উত্তেজিত জনতা। একে অপরকে বললেন, ‘মার ডিম’। কেউ কেউ আবার বললেন, ‘ছেলের থেকে বড় খুনি নির্মল ঘোষ। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর-কাদা খাবে। আমরা ওসব নিয়ে তৈরি।’ তীর্থঙ্করকে গ্রেফতার করার পরেই পানিহাটী জুড়ে যেন ছিল উৎসবের মেজাজ। তার বাড়ির সামনে রীতিমতো ব্যান্ড বাজিয়ে নাচ করতে দেখা যায় অনেককে। তবে এরই মধ্যে একাংশের দাবি, যারা এসব করছেন তারা আসলে বিজেপির কর্মী-সমর্থক। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেরই দাবি, তোলাবাজি, জমিদখলের মতো নানা অন্যায় কাজে অভিযুক্ত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে। তাদের বিরুদ্ধে তৃণমূল জমানায় অভিযোগ করার সাহস দেখাননি স্থানীয়রা। এবার ছেলে গ্রেফতার হওয়ার পরে নির্মলের গ্রেফতারিতেও সরব হয়েছেন পানিহাটীর বাসিন্দারা।
পুলিশ তীর্থঙ্করকে প্রিজন ভ্যানে তোলার সময় ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ ‘চোর’ স্লোগানও তোলেন। পরিস্থিতি সামাল দিতে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয় থানার সামনে। পরে আদালতে নিয়ে যাওয়ার সময় গ্রেফতারি প্রসঙ্গে তীর্থঙ্করের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।