কলকাতা, ২৪ সেপ্টেম্বর– অবিভক্ত তৃণমূলের নাম ও প্রতীক আগেই ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে লড়াইয়ের জন্য তৃণমূলের দুই শিবিরকে আলাদা প্রতীক দেওয়া হয়েছে কমিশনের তরফে। আর এ নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত কমিশনের কাছে জানতে চায়, নির্বাচনী প্রতীক এবং দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য কতটা সময় প্রয়োজন।
বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কমিশনের উদ্দেশে বলেন, এমন একটি যুক্তিসঙ্গত সময়সীমা বলুন, যার মধ্যে দুই পক্ষই নিজেদের প্রমাণ ও বক্তব্য পেশ করার ন্যায্য সুযোগ পাবে। আবার বিষয়টি অযথা দীর্ঘও হবে না।’ একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, প্রমাণ এবং দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের হাতেও যথেষ্ট সময় থাকতে হবে। অর্থাৎ, বাস্তবসম্মত একটি সময়সীমা প্রয়োজন।
৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে শুক্রবার দুই শিবিরের অন্তর্বর্তিকালীন নাম এবং প্রতীক চূড়ান্ত করে কমিশন। মমতা শিবিরের নাম হয় ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তারা আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে লড়ছে ফুটবল পায়ে ফুটবলার প্রতীকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলের নাম হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তারা লড়ছে খাম চিহ্নে। নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থী না-থাকায় তারা কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।