কলকাতা, ২২ নভেম্বর- গোহত্যা রুখতে এবার আইন আনছে রাজ্য সরকার। সোমবার মন্ত্রীসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দেন, এ রাজ্যে ‘গোমাতা’-কে হত্যা করতে দেওয়া হবে না। কোথাও গোহত্যা হলেই রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইন থাকার পরেও ‘লুকিয়েচুরিয়ে’ কোথাও কোথাও গরু পাচার চলছে। এবার তাই এই সংক্রান্ত বিল আনবে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য বয়স্ক গরুর লালপালনের জন্য গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, বয়স্ক ও অসুস্থ গোমাতাদের প্রতিপালনের জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছিলেন গোপালকরা। সেই আবেদনে সাড়া দিয়ে আজ, সোমবার থেকেই ‘গোকুল মিশন’ প্রকল্প চালু করা হল। সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন!’’ তিনি জানিয়েছেন, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন (ক্যাটল অ্যাক্ট) মেনেই কাজ করা হবে।’ তা হলে কি ‘স্লটারহাউস’গুলির কী হবে হবে? প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্লটারহাউস এবং গোমাতার উপর হাত দেওয়া এক নয়। অনুমতি থাকলে স্লটার হাউসে করতে পারেন!’
শুভেন্দু জানান, আইন থাকার পরেও রাজ্যের কোথাও কোথাও লুকিয়ে গোহত্যা চলছে। তার ঘোষণা, এ সব চলবে না। এই নিয়ে কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণের কথাও মনে করান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার পশুহত্যা সংক্রান্ত আইন কার্যকর করে। ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন অনুযায়ী কয়েকটি নিয়ম বলবত করা হয়। ওই নির্দেশ অনুযায়ী, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। ১৪ বছর বয়স হয়নি, জবাই করা যাবে না এমন গবাদি পশুকে। তা ছাড়াও মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন। এ নিয়ে মামলা হয় হাই কোর্টে। তার পরেই গত ২১ মে কলকাতা হাই কোর্ট জানায়, পশুজবাই নিয়ে ১৩ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল থাকবে। সেই পর্যবেক্ষণের কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এ সব করতে দেব না। লুকিয়ে করছে! ডিটেলস পাঠাবেন। বন্ধ করে দেব।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে পালাবদলের পরই ইদ হয়েছে। ক্যাটল অ্যাক্ট আমরা লাগু করেছি। লুকিয়ে কেউ গোহত্যা করলে ভুগতে হবে। খড়গপুরে গোমাতা পাচারের অভিযোগে ধৃতরা এখনও জেলে রয়েছে। হাওড়ার বাঁকরার কয়েকজন পাকড়াও হয়েছিল। বারুইপুরে প্রকাশ্যে দোকান ছিল। সব বন্ধ হয়েছে। লুকিয়ে করলে আমাদের হাতে আইন আছে। বেআইনি কাজ করলে সরকার ও পুলিশ পদক্ষেপ করবে।’