কলকাতা, ২১ আগস্ট- যাদবপুরের এই ঘটনার রেশ গিয়ে পৌঁছল ঐতিহ্যবাহী মেদিনীপুর। শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় এই কলেজ চত্ত্বর। এসএফআই এবং এবিভিপির সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে শুরু হওয়া উত্তেজনা দ্রুত গড়ায় হাতাহাতিতে। ঘটনায় দুই পক্ষেরই একাধিক কর্মী-সমর্থক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ক্যাম্পাসের ভেতরেই দু’পক্ষের কর্মী-সমর্থকেরা মুখোমুখি বচসায় জড়িয়ে পড়েন। পাল্টাপাল্টি ধাওয়া ও স্লোগান রাজনীতির মাঝে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই শিবিরই তুমুল হাতাহাতিতে লিপ্ত হয়। এর মধ্যে ক্যাম্পাসের ভেতর ‘বহিরাগত’দের অবাধ চলাচলের অভিযোগ ওঠায় সাধারণ পড়ুয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হাতাহাতিতে দু’পক্ষের একাধিক সমর্থক জখম হলে পরিস্থিতি সামাল দেয় কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ। একইভাবে প্রেসিডেন্সি কলেজেও আজ দুই ছাত্র সংগঠনের বিক্ষোভ পাল্টা বিক্ষোভ চলে।