ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত, পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ভার বিধানসভার স্পিকারকে

কলকাতা, ২৭ নভেম্বর- বেনজির ঘটনা বঙ্গ বিধানসভায়। শুক্রবার আদালতের নির্দেশে আপাতত দশদিন বিধানসভার বিরোধী দলনেতার পদে কেউ থাকছেন না। অর্থাৎ আপাতত বিরোধী দলনেতার পদে থাকছেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একইভাবে মুখ্য সচেতক পদে বিধায়ক আখরুজ্জামানের নিয়োগও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে, আগামী দশদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে।

            ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয়লাভ করে তৃণমূল। সেই হিসেবে তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা অধ্যক্ষকে জানিয়ে গত ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের ৫৮ জন বিধায়ক স্পিকারকে আর একটি চিঠি দেন। সেই তারিখেই বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।

            এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন মমতা তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ওই মামলায় ১৬ নভেম্বর বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কার্যত প্রশ্ন তোলে কলকাতা হাই কোর্ট। বিরোধী দলের তরফে নেতা নির্বাচনের ক্ষেত্রে তাদের দলীয় সংবিধান এবং চিঠি পাওয়ার পরে বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত বৈঠকের সিদ্ধান্ত (রেজ়োলিউশন) চাওয়ার প্রয়োজনীয়তা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও।

            শুক্রবার দুপুর ৩টেয় রায় পড়ে শোনান বিচারপতি কৃষ্ণ রাও। এর আগে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছিল। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠায়। গত শনিবার এই মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাও।

            শুক্রবার আদালতের এই রায় সামনে আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এখন তো তৃণমূল বলে কিছু নেই। দুই শিবিরে বিভক্ত। আমি তো জানি, যে দলের কাছে বেশি বিধায়ক রয়েছে তাদের মধ্যে থেকেই বিরোধী দলনেতা হয়ে থাকেন। যতটুকু জানি গণতান্ত্রিক তৃণমূলে (ঋতব্রতদের তৃণমূল) বিধায়ক সংখ্যা বেশি। যাদের পক্ষে বিধায়কসংখ্যা বেশি, তাদের কাউকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত স্পিকারের। যা হয়েছে, সেটা পিসি-ভাইপোর বিরুদ্ধেই গিয়েছে।’ মমতা-তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘যা হয়েছে, তা হওয়া উচিত হয়নি। মমতার বাড়িতেই তো বিরোধী দলনেতা বাছাই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে তো তারাও (ঋতব্রত শিবির) ছিলেন। এটা তো স্পষ্ট যে, যা হয়েছে, তা রাজ্যের শাসকদলের অঙ্গুলিহেলনে হয়েছে।’ হাইকোর্টের নির্দেশের মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখছেন না ঋতব্রত। তার কথায়, ‘স্পিকার আমাদের যখনই ডাকবেন আমরা যাব। আমরা আমাদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তার সামনে হাজির হব।’             

Sumit Chakraborty: