দীর্ঘ দু’দশক পরে বাংলায় আসছেন তসলিমা নাসরিন

কলকাতা, ১৪ জুলাই– দীর্ঘ কুড়ি বছর তিনি বাংলায় আসতে পারেননি। অবশেষে দু’দশক পার করে ফের পশ্চিমবঙ্গে আসছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। জানা গিয়েছে, পয়লা আগস্ট (শনিবার) কলকাতার রবীন্দ্রসদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একাধিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে আয়োজকদের দাবি।
অনুষ্ঠানি কবিতা পাঠ করার কথা তসলিমার। কলকাতায় আসার কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন সাহিত্যিক। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহিত রায় বলেন, ‘তসলিমার এই রাজ্যে আসার ক্ষেত্রে তো কোনও আইনি বাধা নেই। আদতে বিগত দু’টো সরকার মৌলবাদের কাছে নতজানু হয়েছিল। এখন নতুন একটি সরকার এসেছে। নতুন আবহে আমরা যাঁরা দীর্ঘ দিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি, তারা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনব।’ তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের নেপথ্যে কোনও রাজনীতি নেই। তসলিমার বিভিন্ন কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান হবে। তবে তসলিমার নিরাপত্তা একটা বড় বিষয়। সরকারের তরফে তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।’
২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি যে তা সামলাতে সেনা নামাতে হয়েছিল। সেসময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তার নিজস্ব বৃত্তের অর্থাৎ বামমনস্ক সাহিত্যিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তসলিমা নাসরিনের বইটিতে নিষেধাজ্ঞা জারি করেন। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। তারপর ক্ষমতার হাতবদল হয়েছে বাংলায়। তৃণমূলের পনেরো বছরের সময়কালেও বাংলায় আসতে পারেননি। ফের বাংলায় সরকার বদলের পরে রাজ্যে আসছেন তসলিমা নাসরিন।

Sumit Chakraborty: