রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশ

রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিচ্ছেন বিজেপির তিন প্রার্থী

কলকাতা, ১৩ জুলাই- আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হয়েছে আগেই। সোমবার সকালে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন বিজেপির তিন প্রার্থী সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। মনোনয়ন পেশের সময়ে তিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

            তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই তিনজন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে তিনজনই সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তৃণমূল ছাড়ার কথাও ঘোষণা করেন। গত বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগদান করেন এই তিনজন। সেই যোগদানের কয়েকঘণ্টার মধ্যে তিনজনকেই ফের রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করে বিজেপি। সোমবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিলেন তিনজন। তিন তৃণমূলত্যাগী সাংসদের বিজেপিতে যোগদান এবং রাতারাতি বিজেপির টিকিট পেয়ে যাওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। বাংলায় ক্ষমতায় আসার পরেই শমীক ঘোষণা করেছিলেন, তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ থাকবে। এ অবস্থায় তৃণমূলের তিন প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদান একটি ‘ব্যতিক্রমী ঘটনা’ বলেও দাবি করেন শমীক ভট্টাচার্য।

            তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে প্রথম ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর। গত ৮ জুন থেকে সুখেন্দুশেখরের আসনটি ফাঁকা। ১০ জুন সুস্মিতা এবং ১১ জুন প্রকাশ চিকও রাজ্যসভার সাংসদপদ ছাড়েন। পশ্চিমবঙ্গ থেকে ওই তিন আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন হবে। তার জন্য মনোনয়ন জমার শেষ দিন ১৪ জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১৫ তারিখ। মনোয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। কমিশন জানিয়েছে, আগামী ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। বর্তমানে বিধানসভায় বিজেপির আসনসংখ্যা ২০৭, তৃণমূল ৮০, কংগ্রেস ২, সিপিএম ১ টি। ফলে এই সমীকরণের নিরিখে তিন আসনেই বিজেপির জয় নিশ্চিত।

Sumit Chakraborty: